প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২১:৪৮ পিএম
তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। ছবি : সংগৃহীত
তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই শনিবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্র সফরের জন্য রওনা হয়েছেন। তার এ সফরকে স্পর্শকাতর হিসেবে ধরা হচ্ছে। চীন এরই মধ্যে এর নিন্দা জানিয়েছে এবং তাইওয়ানের কর্মকর্তারা মনে করছেন, এর জেরে স্বশাসিত ভূখণ্ডটিকে ঘিরে চীনা সামরিক বাহিনীর কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে।
জানুয়ারিতে তাইওয়ানে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত লাই এগিয়ে রয়েছেন পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে। মূলত লাই যাচ্ছেন প্যারাগুয়েতে। যাওয়া এবং আসার পথে যুক্তরাষ্ট্রে থামবেন তিনি।
তাইপেই এবং ওয়াশিংটন জানিয়েছে, এ ধরনের বিরতি দেওয়া নিয়মিত ঘটনা এবং এ নিয়ে চীনের ইন্ধনমূলক কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। কিন্তু তারপরও বেইজিং ক্ষোভ প্রকাশ করেছে। তারা গোটা বিষয়টিকে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছে।
তাইওয়ানের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদন বলছে, আগামী সপ্তাহে তাইওয়ানের কাছে সামরিক মহড়া শুরু করতে পারে চীন। আর এবার তারা লাই-এর সফরকে কারণ হিসেবে দেখাতে পারে।
সূত্র: রয়টার্স