প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৯:৩৫ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৯:৫৬ পিএম
আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে চলতি বছর ১ হাজার ৮০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ছবি : সংগৃহীত
ইতালি উপকূলে নৌকা ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। মৃতরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। ডুবে যাওয়া নৌকা থেকে বেঁচে যাওয়া চারজন এসব তথ্য জানিয়েছেন।
এ দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পায় চারজন। বুধবার (৯ আগস্ট) তারা ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে এসে পৌঁছান। এই চারজনের মধ্যে একজন নারী। বাকিরা পুরুষ। তারা আইভরি কোস্ট ও গিনির নাগরিক।
ওই চার ব্যক্তি জানান, বৃহস্পতিবার (৩ আগস্ট) তিউনিসিয়া থেকে তিন শিশুসহ ৪৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ইউরোপের উদ্দেশে যাত্রা করে। নৌকাটি কয়েক ঘণ্টা যাওয়ার পর ডুবে যায়।
ডুবে যাওযা নৌকাটি ২০ ফুট লম্বা। আরোহীদের মধ্যে মাত্র ১৫ জনের লাইফ জ্যাকেট পরা ছিল। তিউনিসিয়ার স্ফ্যাক্স উপকূল থেকে ছাড়ার কয়েক ঘণ্টা পর একটি বড় ঢেউয়ের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়।
তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানায়, স্ফ্যাক্স দেশটির সমুদ্রবন্দর। এখান থেকে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের দূরত্ব ৮০ মাইল। ভূমধ্যসাগরের এই দ্বীপ হয়েই আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীরা সাধারণত ইউরোপে প্রবেশ করেন।
চলতি বছর উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে এ পর্যন্ত ১ হাজার ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র : বিবিসি