প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২৩:২৭ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ০০:৪৮ এএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
গত সপ্তাহে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মঙ্গলবার (৮ আগস্ট) এই ঘোষণা এলো। কমিশন বলছে, আগামী ৫ বছর নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না ইমরান খান।
তোষাখানা দুর্নীতি মামলায় শনিবার পাকিস্তানের একটি আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেন। ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার এই রায় দেন। রায়ে বিচারক বলেন, তোষাখানা মামলা নিয়ে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন ইমরান খান। নির্বাচন কমিশনের ১৭৪ ধারা অনুযায়ী তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা দেওয়া হলো। রায় ঘোষণার আধাঘণ্টার মধ্যে লাহোরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
জারি করা একটি প্রজ্ঞাপনে আদালতের এই আদেশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইমরানকে নির্বাচন আইন, ২০১৭ এর ধারা ২৩২ এর সঙ্গে পঠিত সংবিধানের ৬৩(১)(এইচ) অনুচ্ছেদের অধীনে অযোগ্য ঘোষণা করা হলো।
এর আগে, ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) তার আইনজীবীদের মাধ্যমে বিচারকি আদালতের ওই রায়ের বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, সাজার আদেশ টেকসই নয় এবং একপেশে।
আজ (বুধবার) হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে।