প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৬:৫২ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৮:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে কিছু দিন ধরে বাংলাদেশ নিয়ে দুই-একটি প্রশ্ন থাকছেই। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে কিছু দিন ধরে বাংলাদেশ নিয়ে দুই-একটি প্রশ্ন থাকছেই। সোমবার, ৭ আগস্টের সংবাদ সম্মেলনেও দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে বঙ্গবন্ধুর খুনি, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হয়। অন্য বিষয়ে মন্তব্য করলেও বন্ধবন্ধুর এক খুনিকে ফেরত পাঠানো নিয়ে কথা বলতে রাজি হননি যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা।
এক সাংবাদিক ম্যাথু মিলারকে প্রশ্ন করেন, আমার প্রশ্ন বেশ সোজা। ১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের অন্তত একজন যুক্তরাষ্ট্রে বাস করছেন। সব খুনিদের বিচারের আওতায় আনা হোক, ওই খুনিকে বাংলাদেশে ফেরত পাঠানো হোকÑ এ বিষয়ে আপনার মত কী?
মিলার : আমি আবার বলছি, কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে আমরা মন্তব্য করা থেকে বিরত থাকছি।
এরপর মিলারকে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লুর সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হয়। সফরে তারা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এশিয়া প্যাসিফিক অঞ্চল নিয়ে কী আলোচনা করেছেন তা জানতে চাওয়া হয়।
উত্তরে মিলার বলেন, তাদের সফরের পর আমরা বিবৃতি প্রকাশ করেছি। তাতে যা বলার বলা হয়েছে। এ বিষয়ে আমার আর নতুন কিছু বলতে চাই না।
আরেক প্রশ্নের জবাবে সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিলার বলেন, যেমনটি আমরা আগেই বলেছি, ডিজিটাল নিরাপত্তা আইনটি সমালোচকদের গ্রেপ্তার, আটক ও চুপ করাতে ব্যবহার করা হচ্ছিল।
এর বদলে নতুন প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনের প্রতিও সজাগ দৃষ্টি রাখবে যুক্তরাষ্ট। এ বিষয়ে মিলার বলেন, আমরা সরকারকে উৎসাহিত করবো, যেন সংশ্লিষ্ট সবাই আইনটির খসড়া পর্যালোচনা করতে পারে এবং মতামত দিতে পারে।
দেশ-বিদেশে বহুল আলোচিত ও সমালোচিত ডিএসএর নাম বাদ দিয়ে বিষয়বস্তুতে বড় ধরনের রদবদল এনে ‘সাইবার নিরাপত্তা আইন’(সিএসএ) নামে নতুন একটি আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সূত্র : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট