প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১১:০৭ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১১:৫৯ এএম
মরক্কোর পার্বত্য অঞ্চলে একটি মিনিবাস গভীর খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছেন। সংগৃহীত ফটো
মরক্কোর পার্বত্য অঞ্চলে একটি মিনিবাস গভীর খাদে পড়ে ২৪ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাটলাস পর্বতের পাদদেশে দেমনেত শহরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
মিনিবাসটি লোকজনকে মরক্কোর কেন্দ্রস্থলে একটি বাজারে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে একটি বাঁকে বাসটি উল্টে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
মরক্কোয় সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনাগুলোর এটি একটি। দুর্ঘটনার পর ছবিতে খাদের অতলে মিনিবাসটি পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।
দেমনেত হাসপাতালের পরিচালক ইউসেফ মাখলুফি মরক্কোর সরকারি সম্প্রচারমাধ্যম ২এম-কে বলেছেন, সব যাত্রীই মারা গেছেন। তাদের মধ্যে দুই নারী এবং এক শিশুও আছে।
আন্তর্জাতিক পরিবহন ফোরামের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মরক্কোর রাস্তায় দিনে গড়ে আটজন প্রাণ হারিয়েছেন। দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল।