× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিক্ষোভের ডাক দিয়ে ইমরান খানের ভিডিও বার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৮:৩০ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৮:৫৪ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (৫ আগস্ট) গ্রেপ্তারের আগে একটি ভিডিও বার্তা রেকর্ড করেন ইমরান খান। তার গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সমর্থকদের রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে আহ্বান জানিয়েছেন। 

এক মিনিট ৫৭ সেকেণ্ডের ভিডিও বার্তায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেন, ‘আপনারা যখন এই বার্তা শুনবেন ততক্ষণে তারা আমাকে গ্রেপ্তার করে ফেলেছে। আপনাদের প্রতি আমার একমাত্র আবেদন, আপনারা ঘরে অলস বসে থাকবেন না। আমি আপনাদের জন্য, দেশের জন্য, আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সংগ্রাম করছি।’ 

সরকারের নিপীড়ন উপেক্ষা করে সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে পিটিআইপ্রধান বলেন, ‘কালিমাকে ধারণ করেই পাকিস্তানের জন্ম হয়েছে। হজরত মুহাম্মদ (সা.) যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি দাসদের মুক্ত করে দিয়েছিলেন। দেশে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন।’ 

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটির কোথাও বিক্ষোভের কোনো সংবাদ পাওয়া যায়নি। 

ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জাজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ইমরান খানের তোষাখানা মামলার শুনানি শুরু করেন। শুনানিতে ইমরান খান ও তার আইনজীবীদের কেউ উপস্থিত ছিলেন না। এটা নিয়ে কয়েকবার অসন্তোষ প্রকাশ করেন দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার। 

দুপুর সাড়ে ১২টার দিকে রায় ঘোষণা করেন জাজ। এর ঠিক ২৯ মিনিট পর লাহোরে নিজের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রায়ে জাজ বলেন, তোষাখানা মামলা নিয়ে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন ইমরান খান। এই মামলায় দুর্নীতির জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। নির্বাচন কমিশনের ১৭৪ ধারা অনুযায়ী তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা দেওয়া হলো।

ইমরান খানের আইনজীবী ইন্তেজার পাঞ্জোথা নেতার গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। আজকেই (শনিবার) তা করা হবে। 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতা জানান, আমাদের নেতাকে কোট লাখপত জেলে নেওয়া হয়েছে। এটি লাহোরের কেন্দ্রীয় জেলখানা।

লাহোরের বাসভবন থেকে খানকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। ইতঃপূর্বে গত ৯ মে খানকে কয়েক দিনের জন্য একই বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন সম্ভাব্য গ্রেপ্তারকে ঘিরে তার বাসার আশপাশে কয়েক হাজার সমর্থক অবস্থান নিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করার পর সারা পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছিল। অবশেষে সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্টের হস্তক্ষেপে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। 

কিন্তু এবার তেমন কিছু হয়নি। দুপুরের পর কয়েকটি গাড়িতে করে পুলিশ খানের বাসায় যান। কোনো ধরনের বাধা ছাড়াই খানকে লাহোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। 

৭০ বছর বয়সি খানের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ থেকে ২০২২ সালে ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় উপহার ক্রয় ও বিক্রয় করেছেন তিনি। এসব উপহারের অর্থমূল্য প্রায় ৬ লাখ ৩৫ হাজার রুপি।

বিদেশ সফরে তাকে এসব উপহার দেওয়া হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে, ব্যক্তি ইমরান খানকে নয়। তাই এসব রাষ্ট্রীয় সম্পদ। 

এদিকে চলতি বছরের নভেম্বরের শুরুর দিকে পাকিস্তানের পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। গ্রেপ্তারের কারণে ইমরান খান সেই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। 

২০২২ সালের এপ্রিলে এক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৫০ মামলা করা হয়েছে। গত কয়েক মাসে তার দল পিটিআইয়ের শীর্ষ অনেক নেতা পদত্যাগ করেছেন। 

খানের অভিযোগ, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকার ও সেনাবাহিনীর চাপে তার দলের নেতারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন।

সূত্র : জিওনিউজ, দ্য ডন, আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা