শ্রীলংকা পরিস্থিতি
প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২২ ১৮:৫০ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২২ ১৮:৫৯ পিএম
দুই দশক ক্ষমতা ধরে রাখার পর প্রেসিডেন্ট রাজাপাকসে ক্ষমতা ছাড়াতে যাচ্ছেন এ খবরে উল্লাস ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ জনগণের মধ্যে। ছবি: বিবিসি
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ক্ষমতা ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন- বৃহস্পতিবার এই খবর দিয়েই শুরু হয় শ্রীলঙ্কার দিন। দুই দশক ক্ষমতা ধরে রাখার পর প্রেসিডেন্ট রাজাপাকসে ক্ষমতা ছাড়াতে যাচ্ছেন এ খবরে উল্লাস ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ জনগণের মধ্যে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।
মঙ্গলবার রাতে একটি সামরিক জেটে করে পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে যান গোটাবায়া রাজাপাকসে। মালদ্বীপের জনগনের বিক্ষোভের মুখে, সেখান থেকে বৃহস্পতিবার সিঙ্গাপুরে যান তিনি। এরপর সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা রয়েছে তাঁর। শ্রীলঙ্কার সংসদের স্পিকারের অফিসের কর্মকর্তারা বলেন, রাজাপাকসে তাঁর চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর পর আনুষ্ঠানিক পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে দেশত্যাগ না করার বিষয়ে আদালতে মুচলেকা দিয়েছেন। শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে, মাহিন্দা ও বাসিল আইনজীবীদের মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্টে মুচলেকা দেন তাদের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত দেশ ছাড়বেন না।
শ্রীলঙ্কার চলমান অস্থিরতা অবসানে সব দলের নেতাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তিনি বলেন 'সংঘাতের মূল কারণ' ও বিক্ষোভকারীদের অভিযোগ' অবশ্যই সমাধান করা উচিৎ। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি বলেন, তিনি শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক পরিস্থিতি 'গভীরভাবে পর্যবেক্ষণ ' করছেন।
বুধবার দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় একজন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন। রাজধানী কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন জায়গায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের দিনভর সংঘর্ষ হয়। এরপরই হতাহতের খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।