প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ২১:৫৪ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩ ০৮:৫৮ এএম
মহররমের তাজিয়া মিছিল। ২৭ জুলাই জম্মু-কাশ্মিরের শ্রীনগরে। ছবি : সংগৃহীত
ভারতের জম্মু-কাশ্মিরে প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার (২৭ জুলাই) মহররমের শোক বা তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকালে অঞ্চলটির গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জম্মু-কাশ্মিরে একসময় বিশাল আয়োজনে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হতো। কিন্তু ১৯৮০-এর দশকের শেষের দিকে এসব মিছিল সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিতে শুরু করে। অঞ্চলটির স্বাধীনতার দাবিতে গড়ে ওঠা সংগঠনগুলো তাজিয়া মিছিলকে নিজেদের শক্তি দেখানোর উপলক্ষ হিসেবে ব্যবহার করতে থাকে। তাই একসময় তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়।
কিন্তু কয়েক বছর ধরে তাজিয়া মিছিলের দাবি বাড়তে থাকে। গত সপ্তাহে কাশ্মিরভিত্তিক রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তানভীর সাদিক বলেন, ’লেফটেন্যান্ট গভর্নর ও স্বরাষ্ট্রমন্ত্রী বারবার দাবি করছেন, জম্মু-কাশ্মিরে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। তাদের দাবি সত্য হলে তাজিয়া মিছিলের অনুমতি দিতে সমস্যা কোথায়?’
তা ছাড়া অন্য রাজনৈতিক দল ও স্থানীয় সুশীল সমাজের নেতারাও তাজিয়া মিছিলের অনুমতি দিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন।
এসব অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার শ্রীনগরের ডেপুটি কমিশনার আজাজ আসাদ তাজিয়া মিছিলের অনুমতি দেন। ঘোষণায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৮টার মধ্যে নগরীর গুরুবাজার থেকে ডালগেট পর্যন্ত তাজিয়া মিছিল করার অনুমতি দেওয়া হয়। মিছিলে উস্কানিমূলক কোনো ধরনের প্ল্যাকার্ড বা স্লোগান না দিতে কড়া নির্দেশ দেওয়া হয়। অনুরোধ করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে।
সূত্র : আল-জাজিরা, স্ক্রলডটইন