প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ২১:০৫ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ২১:২২ পিএম
দাবানলে পুড়ছে গ্রিসের রোডস দ্বীপের অ্যাপোলানা অঞ্চল। ২৭ জুলাই তোলা। ছবি : সংগৃহীত
বিশ্ব এখন উষ্ণতার যুগ পেরিয়ে সিদ্ধ হওয়ার যুগে প্রবেশ করেছে। জলবায়ু পরিবর্তনের বিপর্যয় থেকে বাঁচতে হলে বিশ্ব নেতাদের এখনোই পদক্ষেপ নিতে হবে। না হলে আমাদের ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বৃহস্পতিবার (২৭ জুলাই) এসব হুঁশিয়ারি দিয়েছেন। তার হুঁশিয়ারির কয়েক ঘণ্টা আগে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) চলতি মাস জুলাই এ যাতৎকালের সবচেয়ে গরম মাসের তকমা পেতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে।
গুতেরেস বলেন, ’জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সব নমুনা ইতোমধ্যে দেখা দিতে শুরু করেছে। তবে চাইলে চলতি শতাব্দীর শেষ পর্যন্ত বিশ্বের উষ্ণতা বৃদ্ধি শিল্পযুগের আগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখা যাবে। এজন্য বড় ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ দরকার।’
গুতেরেসের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা আগে ডব্লিউএমও জানায়, চলতি মাসের প্রথম তিন সপ্তাহের প্রতিটা দিন ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিন। তাই চলতি মাস সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে রেকর্ড করতে যাচ্ছে।
জীবাশ্ম জ্বালানি পোড়ানোর পাশাপাশি বিশ্বে নানা ধরনের দূষণ বাড়ছে। এসব দূষণ বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের বলয় তৈরি করছে। গ্রিনহাউস গ্যাসের মতো তা সূর্যের তাপ ধরে রাখছে। ফলে বিশ্বের উষ্ণতা অস্বাভাবিক হারে বাড়ছে।
গত কয়েক বছরে বিশ্বের দৈনিক গড় তাপমাত্রা ক্রমশ বেড়েছে বলে দাবি করেছেন জার্মানির লাইপসিগ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের তথ্যমতে, চলতি মাস জুলাইয়ে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১ দশমিক ৫ ডিগ্রি।
সূত্র : গার্ডিয়ান