× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যকে আমরা সমর্থন করি : যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৬:১৫ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৬:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের প্রধান উপমুখপাত্রকে বুধবার (২৬ জুলাই) আবার প্রশ্ন করা হয়েছে। হিরো আলমের ওপর হামলায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় ১৩ বিদেশি কূটনৈতিক মিশনের প্রধানকে ডাকার বিষয়েও তার মত জানতে চাওয়া হয়েছে। 

জবাবে বাংলাদেশ সরকারের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানান দেশটির পররাষ্ট্র বিভাগের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। 

এক সাংবাদিক বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন, বাংলাদেশের আজকের (বুধবার) বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন খেয়াল করলে দেখবেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে দেওয়ায় ১৩ বিদেশি কূটনৈতিক মিশনের প্রধানদের তলব করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনৈতিক মিশনের প্রধানরাও রয়েছেন। তার আগে ২০ জুলাই বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকেও (গোয়েন লুইস) তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এখন প্রশ্ন হলো, আপনারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উপর্যুপরি আহ্বান জানাচ্ছেন। আপনাদের পশ্চিমা মিত্র ও উন্নয়ন সহযোগীরাও একই আহ্বান জানাচ্ছে। কিন্তু সরকার উল্টো কাজ করছে। তারা কূটনীতিকদের তলব করছে। তো এ এসব বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? 

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ’দেখুন, আমরা একটা বিষয় বারবার স্পষ্ট করেছি যে গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র কোনো দেশে বিশেষ কোনো দলের পক্ষে অবস্থান নেয় না। আমরা বাংলাদেশ সরকারের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়টি সমর্থন করি। 

’আরেকটা বিষয়ে কথা বলতে হয়, বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ বলে মনে করি আমরা। এটা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের যৌথ অগ্রাধিকার। এটা নিজেদেরও লক্ষ্য বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তা আমাদের জানিয়েছেন।’ 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ায় প‌শ্চিমা মিশনের ১৩ দূতকে বুধবার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা হয়। হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে ১৯ জুলাই ১৩ বিদেশি মিশন একটি যৌথ বিবৃতি দেয়। বিবৃতি দেওয়া দেশ ও জোটগুলো হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

বুধবার (২৬ জুলাই) ১৩ বিদেশি মিশনের প্রধানদের তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইট


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা