প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২২:০৯ পিএম
সোমালিয়ায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। মোগাদিশুতে একটি সেনা একাডেমিতে এই হামলা চালিয়েছে এক আত্মঘাতী সন্ত্রাসী। এতে মারা গেছেন ২০ থেকে ৩০ জন।
সোমবার (২৪ জুলাই) মোগাদিশুর জাল্লে সিয়াদ সেনা একাডেমিতে ওই হামলা হয়। প্রশাসন জানায়, হামলাকারী একাডেমির ভেতর ঢুকে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ২০ থেকে ৩০ জন নিহত হয় ঘটনাস্থলেই। গুরুতর আহত অবস্থায় হাসপাতালের ভর্তি করা হয়েছে অন্তত আরও ৬০ জনকে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর নেপথ্যে আল কায়েদা রয়েছে। ২০০৭ সাল থেকেই সোমালিয়ার সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে তারা। সেখানে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাইছে।
ঘটনা প্রসঙ্গে সোমালিয়ার সেনা মোহামেদ হাসান বলেন, ‘পাশেই একটি সেনা ছাউনিতে ছিলাম। আওয়াজ শুনে ছুটে আসি। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। ভয়াবহ দৃশ্য।’
তিনি জানান, এখনও তদন্ত চলছে। কারা এর নেপথ্যে রয়েছে তা স্পষ্ট করে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নিহতের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। সোমালিয়ার কিছু সংবাদমাধ্যম মৃতের সংখ্যা ৩০ বলে দাবি করেছে। তবে প্রশাসন এখনও তা নিশ্চিত করেনি। সূত্র : ডয়চে ভেলে