প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১১:৩৯ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১১:৫৫ এএম
সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে ২০১৮ সালে ফেরি দুর্ঘটনার পর উদ্ধারকাজের দৃশ্য। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে মধ্যরাতে ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ছয়জনকে। নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন ।
সোমবার (২৪ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, ফেরিটি ডুবে যাওয়ার সময় অন্তত ৪০ জনের মতো যাত্রী ছিলেন। উদ্ধার ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির কেন্ডারি শহরের স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে জানান, দুটি দলে ভাগ করে তল্লাশি চালানো হচ্ছে। প্রথম দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে উদ্ধারকাজ চালাচ্ছে। তারা সাগরের গভীরে ডুব দেবে।
দ্বিতীয় দলটি রাবারবোট ও লংবোট ব্যবহার করবে। তারা ডুব দিয়ে গভীরে যাবে না। বরং পানির উপরিভাগে তল্লাশি চালাবে।
ইন্দোনেশিয়ায় ছোটবড় ১৭ হাজারের বেশি দ্বীপ রয়েছে। বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্রটিতে ফেরি দুর্ঘটনা অস্বাভাবিক কোনো ঘটনা নয়।
২০১৮ সালেও সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে একটি ফেরি উল্টে ডুবে যায়। এতে ১৯২ যাত্রী নিহত হন।
গত বছরের মে মাসেও পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে এক ফেরি দুর্ঘটনায় অন্তত ৮০০ জন প্রাণ হারান।
সূত্র : আলজাজিরা