প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ২০:৪০ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ২১:১৭ পিএম
উরুগুয়ের পূর্বাচঞ্চলীয় সমুদ্র উপকূলে ভেসে আসা ম্যাগেলানিক প্রজাতির কিছু পেঙ্গুইন। ছবি : সংগৃহীত
উরুগুয়ের পূর্বাচঞ্চলীয় সমুদ্র উপকূলে ১০ দিনে রহস্যজনকভাবে প্রায় ২ হাজার পেঙ্গুইনের মৃত্যু হয়েছে। ম্যাগেলানিক প্রজাতির পেঙ্গুইনগুলো মূলত আটলান্টিক মহাসাগরে মারা গিয়ে স্রোতে ভেসে এসেছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। শনিবার (২২ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
উরুগুয়ের পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণিজগৎ বিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন জানান, এসব পেঙ্গুইন পানিতেই মারা গেছে। কারণ পেঙ্গুইনগুলোর মৃতদেহে কোনো চর্বি ও তাদের পাকস্থলী খালি। মৃত পেঙ্গুইনদের অধিকাংশই কম বয়সি বলেও জানান তিনি।
পরীক্ষার জন্য পেঙ্গুইনগুলোর নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে প্রাণীগুলোর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পরীক্ষা নেগেটিভ এসেছে। অর্থাৎ পেঙ্গুইনগুলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নয়, বরং অন্য কারণে মারা গেছে।
অতিরিক্ত ও অবৈধ মৎস্য শিকারের কারণে সাগরে পেঙ্গুইনের খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে খেতে না পেয়েই এসব পেঙ্গুইনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ম্যাগেলানিক প্রজাতির পেঙ্গুইন সাধারণত দক্ষিণ আর্জেন্টিনায় বাসাবাঁধে । শীতকালে উঞ্চ আবহাওয়া ও খাদ্যের সন্ধানে চলে যায় উত্তরের দিকে। কখনও পৌঁছে যায় ব্রাজিলের এস্পিরিটো সান্টো রাজ্যের উপকূলে।
মিসেস লেইজাগোয়েন জানায়, ২০২২ সালেও ব্রাজিলে অজানা কারণে প্রাণ হারায় বেশ কিছু পেঙ্গুইন। তবে একসঙ্গে এতো পেঙ্গুইনের প্রাণহানি অস্বাভাবিক।
লেগুনা দে রোচা সংরক্ষিত এলাকার পরিচালক কায়মারিস এএফপিকে বলেন, আটলান্টিক উপকূলের ছয় মাইলজুড়ে ৫০০টিরও বেশি পেঙ্গুইন মারা গেছে বলে তাদের হাতে পরিসংখ্যান রয়েছে।
এনজিও এসওএস মেরিন ওয়াইল্ডলাইফ রেসকিউর রিচার্ড তেসোর জানান, ১৯৯০ এবং ২০০০ এর দশক থেকে প্রাণীদের খাদ্যে সংকট দেখা দেয়। মানুষের হাতে প্রাণীদের খাদ্যের উৎস সাবাড় হওয়ায় এমনটি হয়েছে।
সূত্র : এনডিটিভি