প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৮:৫২ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৮:৫৮ পিএম
ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরদ অঞ্চলের একটি সড়ক। ছবি : সংগৃহীত
রাশিয়ার ইউক্রেনের সীমান্তবর্তী একটি গ্রামে গুচ্ছ বোমা হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার, ২১ জুলাই ঝুরাভলেভকা নামের গ্রামে ইউক্রেন এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বেলগোরদের গনর্ভর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। শেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে গ্ল্যাডকভ লেখেন, বেলগোরদের ঝুরাভলেভকা গ্রামে ইউক্রেন ২১টি গোলা ও তিনটি গুচ্ছ বোমা ছুড়েছে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।
গত মাসে ইউক্রেনকে গুচ্ছ বোমা দেয় যুক্তরাষ্ট্র। শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে এমন নিশ্চয়তা পেয়ে কিয়েভকে গুচ্ছ বোমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুদ্ধক্ষেত্রে গুচ্ছ বোমা ব্যবহার করা হলে পাল্ট পদক্ষেপ নেওয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়ার হাতে বিপুল পরিমাণ গুচ্ছ বোমা রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতোমধ্যে তা ব্যবহার করেছে বলেও অভিযোগ ওঠেছে। কিন্তু তা প্রমাণ করা যায়নি।
আলজাজিরা জানায়, ২০০৮ সালে ১২০টির বেশি দেশ গুচ্ছ বোমার ব্যবহার নিষিদ্ধবিষয়ক এক চুক্তিতে সই করে। চুক্তিটি ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন ক্লাস্টার মিউনিশনস হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়াসহ আরও কিছু দেশ চুক্তিটিতে সই করেনি। তবে ওয়াশিংটন ও কিয়েভের বেশ কিছু মিত্র, যেমন ফ্রান্স ও যুক্তরাজ্য গুচ্ছ বোমা নিষিদ্ধ চুক্তিতে সই করে।
২০০৯ সালে গুচ্ছ বোমা রপ্তানি নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। কিন্তু নিজেদের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করলে দেশটির প্রেসিডেন্ট বিশেষ বিবেচনায় তা রপ্তানি করার অনুমতি দিতে পারেন।
সূত্র : আলজাজিরা