× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাপ থেকে বাঁচাতে পারে ইরানের প্রাচীন বাড়ির নকশা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৭:৩৬ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৮:১৮ পিএম

তাপ থেকে বাঁচাতে পারে ইরানের  প্রাচীন বাড়ির নকশা

ইরানের মরুর শহর ইয়াজদের কয়েক শতাব্দী প্রাচীন বাড়ির নকশা ভবিষ্যৎ উষ্ণ পৃথিবীতে বেঁচে থাকার জন্য সহায়ক হতে পারে। বাড়িগুলোতে রয়েছে লম্বা চিমনির মতো টাওয়ার, যা পার্সিয়ান ভাষায় বাদগির নামে পরিচিত। এটি মূলত উইন্ডক্যাচার, যার মাধ্যমে শীতল বাতাসকে কাজে লাগানো যায়। 

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের প্রাদেশিক ডেপুটি আবদোলমাজিদ শাকেরি বলেন, বিদ্যুৎ আবিষ্কারের আগে শতাব্দীর পর শতাব্দী ধরে এই পদ্ধতি বাসস্থানগুলোকে শীতল রাখা সম্ভব করেছিল। ইয়াজদ শহরে ৭০০টি উইন্ডক্যাচার বিশিষ্ট বাড়ি রয়েছে, এর মধ্যে সবচেয়ে পুরোনোটি ১৪ শতকের। তবে এই স্থাপত্য বৈশিষ্ট্যটি আড়াই হাজার বছর আগের বলে মনে করা হয়, যখন পারস্য সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশ শাসন করেছিল।

মরুভূমির শহর ইয়াজদ প্রাচীন সিল্ক রোডে কাফেলাদের যাত্রাবিরতির স্থান ছিল। শাকেরি বলেন, বাদগিরা শহরটির সমৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছিল।

শহরে দৌলতাবাদ বাগানে ৩৩ মিটারের একটি বিশাল উইন্ডক্যাচার রয়েছে। বাগানটির প্রধান মজিদ ওলুমি বলেন, এ পদ্ধতি সম্পূর্ণ পরিবেশবান্ধব, কারণ বিদ্যুৎ বা দূষণকারী উপকরণ ব্যবহারের প্রয়োজন পড়ে না।


ইউনেস্কো ২০১৭ সালে ইয়াজদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। সংস্থাটি শহরটিকে ‘মরুভূমিতে সীমিত সম্পদের বুদ্ধিমান ব্যবহারের জীবন্ত সাক্ষ্য’ হিসেবে বর্ণনা করেছে।

ইরানের উইন্ডক্যাচার নিয়ে গবেষণা করেছেন প্যারিসভিত্তিক স্থপতি রোল্যান্ড দেহগান কামারাজি। তিনি বলেন, বাদগিররা প্রমাণ করে যে, সরলতা স্থায়িত্বের জন্য একটি অপরিহার্য গুণ হতে পারে। টেকসই সমাধানগুলো জটিল বা উচ্চ প্রযুক্তির হতে হবে এমন ধারণা ভুল।

কামারাজি জানান, সংযুক্ত আরব আমিরাতের মাসদার শহরের ভবনগুলোকে শীতল করতে প্রাকৃতিক বায়ু চলাচলের এই পদ্ধতি ব্যবহারের জন্য নকশা করা হয়েছে। একইভাবে জিম্বাবুয়ের হারারের শপিং মল ও অফিস কমপ্লেক্স ইস্টগেট সেন্টারেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। 

যাই হোক, ইয়াজদের অনন্য স্থাপত্য ঐতিহ্যগুলো মূলত এখন পরিত্যক্ত। মজিদ ওলুমি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য ভুলে গেছি, বিশেষ করে এয়ারকন্ডিশনারগুলোর উত্থানের পর থেকে।’ 

ইয়াজদের পুরোনো শহরটি সরু রাস্তা ও ছাদযুক্ত গলিপথের গোলকধাঁধা। কাদামাটি, কাদা-ইট দিয়ে তৈরি শতাব্দী-প্রাচীন ভবনগুলো তাপনিরোধক। পুরোনো এসব বাড়ি আধুনিক সিমেন্টের ভবন ও সড়কের বিপরীতে দাঁড়িয়ে আছে। মজিদ ওলুমি বলেন, আজ পুরোনো স্থাপত্য অন্যান্য দেশ অনুকরণ করছে। সিমেন্ট-ভিত্তিক স্থাপনা জলবায়ুবান্ধব নয়।

ইয়াজদের আরেকটি টেকসই স্থাপত্য বৈশিষ্ট্য হলো এর ভূগর্ভস্থ পানির ব্যবস্থা, যার নাম কানাত। এই পানির উৎস ভূগর্ভস্থ কূপ, জলাশয় বা পাহাড়। পানি বিশেষজ্ঞ জোহরেহ মনতাজার বলেন, এই ভূগর্ভস্থ পানির দুর্দান্ত উপযোগিতা রয়েছে। এই পানি বাসস্থানগুলোকে শীতল করা এবং আদর্শ তাপমাত্রায় খাবার সংরক্ষণ করা সম্ভব করে তোলে।

ইরানে বর্তমানে প্রায় ৩৩ হাজার কার্যকরী কানাত রয়েছে বলে ধারণা করা হয়। ২০ শতকের মাঝামাঝি সময়ে কানাতের সংখ্যা ছিল ৫০ হাজার। 

ইউনেস্কো বলেছে, অতিরিক্ত ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানির উৎস শুকিয়ে যাওয়ার কারণেই কানাতের সংখ্যা কমেছে। ইয়াজদজুড়ে ৩০ মিটার গভীরতায় পানির নেটওয়ার্ক ৭০ কিলোমিটারেরও বেশি প্রসারিত। মনতাজার বলেন, ‘যেদিন জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে, সেদিন আমাদের এই পদ্ধতিতে ফিরে যেতে হবে।’ সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা