প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৩:২২ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৪:৫৯ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য ২৮ জুলাই তুরস্ক সফর করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২০ জুলাই) গভীর রাতে এ খবর নিশ্চিত করেছে উভয় নেতার কার্যালয়।
ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সফরের কয়েক দিন পরই আঙ্কারায় নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানো হবে বলে জানা গেছে।
মাহমুদ আব্বাস ২৫ জুলাই তুরস্কে পা রাখবেন বলে জানিয়েছে আঙ্কারা।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুরস্কে স্বাগত জানাবেন।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘নেতারা তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ অগ্রগতি এবং সেইসঙ্গে অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।’
নেতানিয়াহুর কার্যালয় ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রথম তুরস্ক সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
তুরস্কে ওই কূটনৈতিক তৎপরতা এমন একসময় হচ্ছে, যখন দখলকৃত পশ্চিম তীরে বছরের পর বছর ধরে সবচেয়ে খারাপ সহিংসতার পটভূমিতে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।
এপ্রিলে জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে সংঘর্ষ শুরু হয়, যেখানে ইসরায়েলি পুলিশ পবিত্র স্থানের ভেতরে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
তখন এরদোয়ান বলেছিলেন, ‘ইসরায়েল লাল রেখা অতিক্রম করেছে।’
কিন্তু দুই দেশের মধ্যে কয়েক বছরের উত্তেজনার পর গত এক বছরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে সেটি সম্ভব হয়েছে।
২০১০ সালে ইসরায়েলি বাহিনী কর্তৃক তুরস্কের জাহাজ মাভি মারমারার ওপর একটি মারাত্মক আক্রমণের পর তুরস্ক-ইসরায়েল সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছিল।
২০১৮ সালের মে মাসে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে প্রায় ৫০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর তুরস্ক তেলআবিব থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে এবং আঙ্কারায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।
এর পর জেরুজালেমে তুর্কি কনসাল জেনারেলকে বরখাস্ত করে প্রতিশোধ নেয় ইসরায়েল।
সূত্র : এনডিটিভি