প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৩:১০ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১৩:৩৫ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
বিরোধীদের বৈঠক নিয়ে সরব হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরুতে বিজেপিবিরোধী দলগুলোর দ্বিতীয় দিনের বৈঠক শুরু হওয়ার আগে কড়া ভাষায় সেই বৈঠককে কটাক্ষ করেছেন তিনি।
বিরোধীদের বৈঠকে অংশগ্রহণকারী নেতা, নেত্রীদের ‘দুর্নীতিবাজ’ বলে অভিহিত করেছেন মোদি। তার ভাষ্যমতে, ‘বিরোধীদের কাছে দেশ নয়, আসলে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন একটি ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।
সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এক হাত নিয়েছেন বেঙ্গালুরুতে জড়ো হওয়া বিরোধীদের। তিনি বলেছেন, ‘তারা পরিবারকেই অগ্রাধিকার দেন। দেশকে নয়। দুর্নীতি তাদের অনুপ্রেরণা। যে যত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন, বৈঠকে তার আসন হবে তত বেশি গুরুত্বপূর্ণ।’
এর আগে সোমবারই বৈঠক নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
তিনি বলেছিলেন, ‘বিরোধীদের এই বৈঠক দুর্নীতিগ্রস্তদের সমাবেশ। কোনো মনোস্থিরতা নেই তাদের।’
তার দাবি, বিরোধীদের কোনো মুখ নেই। নীতিও নেই।
বিরোধীদের বৈঠককে কটাক্ষ করে মোদি আরও বলেন, ‘এ তো কট্টর ভ্রষ্টাচারীদের সম্মেলন হচ্ছে। ‘বিরোধীদের মন্ত্র হলো, অব দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি এবং ফর দ্য ফ্যামিলি।’
এর পাশাপাশি তিনি বলেন, ‘গত ৯ বছরে আমরা পুরোনো সরকারের ভুলগুলো শুধরে দেশের মানুষকে নতুন সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছি। দেশে উন্নয়নের মডেল তৈরি হয়েছে। এটা বিকাশের মডেল।’
মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠকে যোগ দিয়েছেন বিজেপিবিরোধী ২৬টি দলের প্রতিনিধিরা।
বৈঠকে যোগ দিয়ে সোমবারই বেঙ্গালুরু পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত ২৩ জুন পাটনায় বিরোধীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানেও উপস্থিত ছিলেন মমতা। এই বৈঠকগুলোতে মূলত বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নির্ধারণ করা হবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া