প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১২:৩৪ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১২:৪৩ পিএম
কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। ছবি : সংগৃহীত
কেরালার প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডি মারা গেছেন। তিনি দুইবার কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার ( ১৮ জুলাই ) ভোরে বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ৭৯ বছর বয়সে তার মৃত্যু হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
কেরালার সাবেক মুখ্যমন্ত্রীর মৃত্যুর কথা তার ছেলে চ্যান্ডি ওমেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সরকারি ছুটি এবং দুই দিনের শোক ঘোষণা করেছে কেরালা সরকার।
চান্ডি দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন। গত ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
চান্ডি ২০০৪-০৬ ও ২০১১-১৬ দুই মেয়াদে কেরালার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
চান্ডির মৃত্যুতে রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় কেরালা কংগ্রেসের প্রধান কে সুধাকরণ বলেন, কিংবদন্তি ওমেন চান্ডিকে হারিয়ে আজ আমি গভীরভাবে শোকাহত। তিনি অসংখ্য অনুজ রাজনীতিবিদদের প্রভাবিত করছেন। তিনি চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, চান্ডি একজন দক্ষ প্রশাসক ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
সূত্র : এনডিটিভি