× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া শস্যচুক্তি নবায়ন না করায় গমের দাম ৩ শতাংশ বেড়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১০:২২ এএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১২:৪৩ পিএম

ইউক্রেনের শস্যবাহী একটি কার্গো। ২০২২ সালের অক্টোবরে ইস্তাম্বুলের উপকূলে। ছবি : সংগৃহীত

ইউক্রেনের শস্যবাহী একটি কার্গো। ২০২২ সালের অক্টোবরে ইস্তাম্বুলের উপকূলে। ছবি : সংগৃহীত

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তি আপাতত নবায়ন করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার সোমবারের এ ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে গমের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। 

সোমবার (১৭ জুলাই) সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শস্যচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। রাশিয়ার শর্ত পূরণ করা হলে মুহূর্তেই চুক্তিতে ফিরবে রাশিয়া। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। 

শস্যচুক্তি বাতিলের বিষয়টি তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।  

ইতঃপূর্বে আল-জাজিরা জানায়, আজ সোমবার স্থানীয় সময় রাত ১২টায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তিটার মেয়াদ বাড়ানোর বিষয়টি নির্ভর করছে রাশিয়ার ওপর। এ পরিস্থিতিতে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক মস্কোর সম্মতির জন্য অপেক্ষা করছে। 

তখন তুরস্কে অবস্থানকারী জাতিসংঘের কর্মকর্তারা আল-জাজিরাকে জানান, তারা মস্কোর সাড়ার অপেক্ষায় রয়েছেন। তাদের বিশ্বাস, শেষ মুহূর্তে রাশিয়া ইতিবাচক সাড়া দেবে। 

কিন্তু রাশিয়া ইতিবাচক সাড়া দেয়নি। এ অবস্থায় পেসকভের ঘোষণার পর সোমবার বিকালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বলে জানা গেছে। চলতি মাসের শেষদিকে তিনি এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। তার আগে একই বিষয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও কথা বলবেন। 

রাশিয়ার হামলার পর কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। রাশিয়ার শস্যের ওপর সরাসরি না থাকলেও পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে শস্য রপ্তানির পাওনা আদায়, কার্গোর লাইসেন্স ও ইনস্যুরেন্স নিয়ে ঝামেলায় পড়ে রাশিয়া। 

এ অবস্থায় ২০২২ সালের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানিতে ইউক্রেনকে বাধা দেবে না রাশিয়া। বিনিময়ে রাশিয়ার শস্য ও সার রপ্তানিসংক্রান্ত জটিলতা অপসারণ করা হবে। এ পর্যন্ত চুক্তিটার মেয়াদ তিন দফায় বাড়ানো হয়েছে। 

শস্যচুক্তির আরেকটা বড় কারণ ছিল, যেসব গরিব দেশে খাদ্যের দাম বিপুল বেড়েছে, ইউক্রেনের শস্য অগ্রাধিকার ভিত্তিতে সেসব দেশে পাঠানো হবে। 

কিন্তু সম্প্রতি রাশিয়া অভিযোগ করে, চুক্তি ঠিকমতো বাস্তবায়ন করা হয়নি। রাশিয়ার শস্য ও সার রপ্তানির বাধা অপসারণ করা হয়নি। গরিব দেশের পরিবর্তে ইউক্রেনের শস্য যাচ্ছে ইউরোপের বিভিন্ন ধনী দেশে। এ অবস্থায় শস্যচুক্তির মেয়াদ বাড়ানোর কোনো কারণ নেই। 

জাতিসংঘের দাবি, না, ইউক্রেনের শস্য অগ্রধিকার ভিত্তিতে গরিব দেশেই পাঠানো হচ্ছে। ২০২২ সালের জুলাইয়ে চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টন শস্য রপ্তানি করেছে ইউক্রেন। 

বিশ্বের তিন মহাদেশের ৪৫টি দেশে এসব শস্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশ গেছে এশিয়ায়, ১২ শতাংশ গেছে আফ্রিকায়, ১ শতাংশ পূর্ব ইউরোপে আর ৪০ শতাংশ গেছে পশ্চিম ইউরোপে। 

সূত্র : আল-জাজিরা, রয়টার্স, আল-মনিটর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা