প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১১:১৪ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১১:২০ এএম
মস্কোর বিরুদ্ধে বিদ্রোহের সময় রোস্তভ-অন-ডন শহরের রাস্তায় ওয়াগনার যোদ্ধারা। ছবি : সংগৃহীত
আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় গণভোট নিশ্চিত করতে কয়েকশ’ `অভিজ্ঞ’ ওয়াগনার যোদ্ধা ইতোমধ্যেই মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর)পৌঁছেছে।
রাশিয়ার একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানি রবিবার (১৬ জুলাই) এ খবর নিশ্চিত করেছে।
অফিসার্স ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি (ওইউআইএস) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) কাজ করতে প্রশিক্ষকদের নিয়ে আরেকটি বিমান বাঙ্গুই পৌঁছেছে।
ওইউআইএস এক বিবৃতিতে আরও বলেছে, ওয়াগনার কোম্পানির কয়েকশ’ অভিজ্ঞ পেশাদার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) কর্মরতদের সঙ্গে যোগ দিচ্ছে।
ওইউআইএস বলছে, রাশিয়ান প্রশিক্ষকরা ৩০ জুলাইয়ের জন্যে নির্ধারিত সাংবিধানিক গণভোটের প্রত্যাশায় নিরাপত্তা নিশ্চিত করতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (সিএআর) সশস্ত্র বাহিনীতে সেনাদের সহায়তা অব্যাহত রাখবে।
এদিকে যুক্তরাষ্ট্র বলছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) ওয়াগনার গ্রুপের অগ্রগামী দল ওইউআইএস। এটি পরিচালনা করেন রাশিয়ার আলেকজান্ডার ইভানভ। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে ওইউআইএসের বিবৃতিতে বলা হয়েছে, তাদের প্রশিক্ষকরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (সিএআর) নিরাপত্তা বাহিনীকে পাঁচ বছর ধরে প্রশিক্ষণ দিয়ে আসছে।
সমস্যাগ্রস্ত দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) ওয়াগনারের ভাড়াটে সেনারা ইতোমধ্যেই সরকারকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে।
দেশটিতে ৩০ জুলাই একটি সাংবিধানিক পরিবর্তনের জন্যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যা প্রেসিডেন্ট ফস্টিন আর্চেঞ্জকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসাতে সহায়তা করতে পারে।
ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মস্কোর বিরুদ্ধে বিদ্রোহের আগে ওয়াগনার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকসহ (সিএআর) আফ্রিকায় তার বাহিনীর উপস্থিতি প্রসারিত করছিলেন।
বেসামরিক নাগরিকদের নির্বিচারে টার্গেট করাসহ মানবাধিকার লঙ্ঘন এবং লঙ্ঘনের রিপোর্টের কারণে সেখানে ওয়াগনার গ্রুপের কার্যকলাপ উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র : আল অ্যারাবিয়া