প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১০:৩৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১০:৪৯ এএম
গত অক্টোবরে ক্রিমিয়া ব্রিজে গাড়িবোমা হামলা চালায় ইউক্রেন। ছবি : সংগৃহীত
রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে সোমবার ভোরে ফের হামলা হয়েছে। এতে অন্তত দুইজন নিহত ও একজন আহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সোমবার (১৭ জুলাই) ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানান, ক্রিমিয়া ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তার ভাষ্যমত, জরুরি পরিস্থিতির কারণে এমনটি করা হয়েছে।
তবে যোগাযোগ মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্রিজটির একটা অংশের ডেক বা পাটাতন ধ্বংস হয়েছে। তাই যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
চ্যানেল বাজা দাবি করে, একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত ও একজন আহত হয়েছে।
ক্রিমিয়া ব্রিজে কী ধরনের হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। গত অক্টোবরে ব্রিজটিতে একটি ট্রাক বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়। শুরুর দিকে ইউক্রেন হামলার দায় অস্বীকার করে। পরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা স্বীকার করে।
১৯ কিলোমিটার দৈর্ঘ্যের রাশিয়ার এ সুরম্য ব্রিজটির নির্মাণ কাজ ২০১৪ সাল শুরু করা হয়। ওই বছরই ক্রিমিয়া দখল করে রাশিয়া। ২০১৮ সালে ব্রিজটি উদ্বোধন করা হয়।
গত সপ্তাহে রাশিয়ার বিমানবাহিনীর প্রধান সের্গেই আকসিওনভ জানান, তারা ক্রিমিয়া ব্রিজে ইউক্রেনের হামলার একটি চেষ্টা ঠেকিয়ে দিয়েছে।
সূত্র : আরটি