প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৫:২৬ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৫:৩১ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে, মস্কো সেগুলো ব্যবহারের অধিকার সংরক্ষণ করে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোর রাষ্ট্রীয় টিভিতে এক সাক্ষাৎকারে রবিবার (১৬ জুলাই) পুতিন বলেছেন, ‘যদি তারা আমাদের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করে, তবে অবশ্যই আমরা একই ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করি।’
ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে ১০০টিরও বেশি ক্লাস্টার বোমা পেয়েছে, যেটি নিষিদ্ধ যুদ্ধাস্ত্র বলে পরিচিত। যদিও কিয়েভ শুধু শত্রুসেনাদের পিছু হটাতে ওই বোমা ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে।
ইউক্রেন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্লাস্টার (গুচ্ছ) বোমা হাতে পেয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউক্রেনীয় সামরিক বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলেকজান্ডার তারনাভস্কি এমনটাই জানিয়েছেন।
তারনাভস্কি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা হাতে পেয়েছি। তবে এখনও এগুলো ব্যবহার করিনি। আমরা মনে করি, এই যুদ্ধাস্ত্র যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে তাদের প্রতিরক্ষা অবস্থান থেকে পিছিয়ে দিতে সাহায্য করবে।’
অস্ত্র সরবরাহের বিষয়টি যুক্তরাষ্ট্রের লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমসের বরাতে বিষয়টি সিএনএনও নিশ্চিত করেছে।
এর আগেও যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা দাবি করেছিলেন, ক্লাস্টার বোমা যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের বিষয়টি যুক্তরাষ্ট্রকে আবারও বিবেচনা করে দেখার অনুরোধ করেছে।
কারণ যুদ্ধক্ষেত্রে এ ধরনের বোমা কোলাটারিয়াল ড্যামেজের (বেসামরিক ক্ষয়ক্ষতি) শঙ্কা বৃদ্ধি করে।
রাশিয়ার কাছেও ক্লাস্টার বোমা রয়েছে, তবে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে এই অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় না বলে দাবি করে আসছে ক্রেমলিন।
এবার ওয়াশিংটনের এই অস্ত্র সরবরাহের বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের প্রতিক্রিয়া জানানোর উপায় মস্কোর কাছে রয়েছে।
শোইগু সতর্ক করে জানান, ক্লাস্টার যুদ্ধাস্ত্রসহ রুশ সামরিক ভাণ্ডারের সামর্থ্য খুবই বৈচিত্র্যপূর্ণ।
সূত্র : এনডিটিভি