প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৫:৩৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৫:৪১ পিএম
মুক্তিপণ ও চাঁদাবাজির কারণে উত্তর নাইজেরিয়ার অনেক কৃষক চাষবাস ছেড়ে দিয়েছেন। ছবি: সংগৃহীত
নাইজেরিয়ায় খাদ্যবিষয়ক জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত কয়েক মাসে খাদ্যশস্যের দাম কয়েক শত গুণ বেড়ে যাওয়ায় শুক্রবার (১৪ জুলাই) দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এ ঘোষণা দিয়েছেন।
নতুন ঘোষণা অনুযায়ী, কৃষকদের সস্তায় সার ও শস্য দেওয়া হবে। অসহায় প্রত্যেক পরিবারকে মাসে ১০ ডলার করে দেওয়া হবে। এটা ছয় মাস চলবে।
বিবিসি জানায়, পশ্চিম আফ্রিকার দেশটি কয়েক মাস আগে জ্বালানির ভর্তুকি প্রত্যাহার করে নেয়। এরপর খাদ্যশস্যের চাষ ব্যয়বহুল হয়ে পড়ে।
অন্যদিকে মুক্তিপণ বা চাঁদা না দিয়ে চাষ করা প্রায় অসম্ভব হয়ে পড়ায় দেশটির অনেক কৃষক চাষবাস ছেড়ে দেন। দেশটির উত্তরাঞ্চলে এ সংকট প্রবল। এ অবস্থায় দেশটিতে বিপুল খাদ্য ঘাটতি দেখা দেয়।
শুক্রবারের ঘোষণায় বোলা টিনুবু বলেন, আমাদের ঘোষিত প্রকল্প থেকে কোনো পরিবার বাদ পড়বে না। সবাইকে সাধ্যমতো সহায়তা করা হবে।
গত মে মাসে ক্ষমতাগ্রহণকারী বোলা টিনুবুকে মূল্যস্ফীতি, বেকারত্বসহ নানা ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।
সূত্র : বিবিসি