প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৫:০৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৫:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষদূত জন কেরি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু ক্ষতিপূরণ দেবে না। যুক্তরাষ্ট্রের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি বৃহস্পতিবার (১৩ জুলাই) এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার কংগ্রেসে হাউস অব রিপ্রেজেন্টেটিভস ফরেন অ্যাফেয়ার্স কমিটির কাছে নিজের আসন্ন চীন সফর নিয়ে কথা বলছিলেন কেরি। কমিটির চেয়ার ব্রায়ান মাস্ট কেরির কাছে জানতে চান, যেসব উন্নয়নশীল দেশ বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ু সংশ্লিষ্ট বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কি আমরা ক্ষতিপূরণ দেব?
উত্তরে কেরি বলেন, না, কোনো অবস্থায়ই না। যুক্তরাষ্ট্র এই ক্ষতিপূরণ দেওয়ার মতো অবস্থায় নেই।
বিবিসি ও সিএনবিসি নিউজ জানায়, জলবায়ুসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন দিনের চীন সফরে যাচ্ছেন জন কেরি। সফরে আসন্ন জলবায়ু সম্মেলন কপ-২৮ নিয়ে তারা আলোচনা করবেন।
চলতি বছরের নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠেয় এই জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ‘লস অ্যান্ড ড্যামেজ’ নামের একটি তহবিল নিয়ে যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা। গত বছর মিসরে অনুষ্ঠিত কপ-২৭-এ এটা নিয়ে বিশেষ অগ্রগতি হয় বলে ফলাও করে প্রচার করা হয়েছিল।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিপর্যয় গরিব দেশের পাশাপাশি উন্নত দেশে হলেও এসব দুর্যোগ মোকাবিলায় উন্নত দেশের যে সক্ষমতা রয়েছে, উন্নয়নশীল দেশের তা নেই। অন্যদিকে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিপর্যয়ে খাবি খাচ্ছে তৃতীয় বিশ্বের গরিব দেশগুলো।
এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশের নেতাদের দাবি, জলবায়ু পরিবর্তনে তাদের ভূমিকা কম। তাই জলবায়ু পরিবর্তনে যেসব উন্নত দেশের ভূমিকা বেশি, তাদের উচিত গরিব দেশগুলোকে অভিযোজন ও ক্ষতি প্রশমনের জন্য অর্থ সহায়তা দেওয়া।
এ ধরনের একটা তহবিল দিতে উন্নত দেশগুলো নিমরাজি হলেও এখন পর্যন্ত তা নিয়ে চূড়ান্ত কোনো রূপরেখা তৈরি হয়নি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অন্যতম শীর্ষ কার্বন নিঃসরণকারী ও শীর্ষ অর্থনীতির দেশ ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে পরিস্থিতি আরও করুণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা।
সূত্র : বিবিসি, সিএনবিসি নিউজ