প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২২:০৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২২:১৪ পিএম
ভারতে দাহ করার সময় আধাপোড়া মরদেহ থেকে মাংস খাওয়ার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) ওডিশার ময়ূরভঞ্জ জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের দেওয়া তথ্যানুসারে, ঘটনার সময় অভিযুক্ত দুজনেই নেশাগ্রস্ত ছিলেন। দুই অভিযুক্তের নাম সুন্দরমোহন সিংহ ও নরেন্দ্র সিংহ।
আনন্দবাজার পত্রিকার খবর বলছে, অভিযুক্তরা ময়ূরভঞ্জের দাঁতুনি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ওই গ্রামেই এক ব্যক্তির মৃত্যু হয়। ধর্মীয় নীতি অনুসারে তাকে দাহ করার জন্য সংশ্লিষ্ট স্থানে নিয়ে যান পরিবারের সদস্যরা। মরদেহ দাহ করার দায়িত্বে ছিলেন সুন্দরমোহন ও নরেন্দ্র। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন মৃতের পরিবার।
দাহকার্যের একপর্যায়ে হঠাৎ সেখানে উপস্থিত কয়েকজনের সন্দেহ হলে তারা মরদেহের কাছে যান। এ সময় আধাপোড়া মরদেহের মাংস খাওয়া অবস্থায় হাতেনাতে আটক করেন দুই ব্যক্তিকে। ঘটনার সময় উভয়েই নেশাগ্রস্ত ছিলেন।
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। অভিযোগ দায়ের হওয়ার পরপরই গ্রেপ্তার করা হয় দুজনকে। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা মৃতের মাংস খাওয়ার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৭ ধারায় মামলা করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা