প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৯:২৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৯:৪৫ পিএম
হাউ এডওয়ার্ড। ছবি : সংগৃহীত
বিবিসির যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত সেই উপস্থাপকের নাম হাউ এডওয়ার্ডস। বুধবার (১২ জুলাই) এডওয়ার্ডসের স্ত্রী ভিকি ফ্লিন্ড আলোচিত এই উপস্থাপকের নাম প্রকাশ করেন।
বুধবার এক বিবৃতিতে ভিকি ফ্লিন্ড বলেন, সাম্প্রতিক অভিযোগটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমার স্বামী মানসিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি গভীর মানসিক অবসাদে ভুগছেন। তাকে আরও কত দিন হাসপাতালে থাকতে হবে, তা এখনও নিশ্চিত নয়। এটা আমাদের পরিবারের জন্য নিদারুণ যন্ত্রণার।
গত সপ্তাহে যুক্তরাজ্যের ট্যাবলয়েড ‘সান’ দাবি করে, বিবিসির এক স্বনামধন্য উপস্থাপক নিজের প্রোগ্রামের জন্য এক অপ্রাপ্তবয়স্ক শিশুর আপত্তিকর কিছু ছবি সংগ্রহ করতে প্রায় ৪৫ হাজার ডলার ব্যয় করেন। ভুক্তভোগী ওই শিশু বর্তমানে ২০ বছরের যুবক। তার অভিভাবকদের বক্তব্য নিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়। কিন্তু বিবিসির অভিযুক্ত সেই সাংবাদিকের নাম প্রকাশ করেনি সান।
বিবিসি ওই সানের অভিযোগ আমলে নিয়ে নিজেদের এক উপস্থাপকের চাকরি স্থগিত করার কথা জানায়। কিন্তু তারাও অভিযুক্তের নাম প্রকাশ করা থেকে বিরত থাকে।
অভিযুক্ত ৬১ বয়ছ বয়সি এডওয়ার্ডস ১৯৮৪ সালে বিবিসিতে যোগ দেন। তিনি বিবিসি ওয়েলসের প্রতিবেদক হিসেবে খ্যাতি লাভ করেন। পরে বিবিসি ওয়েলসের জনপ্রিয় প্রোগ্রাম টেন ও’ক্লক নিউজের উপস্থাপক হন এডওয়ার্ডস।
এ প্ল্যাটফর্ম থেকে তিনি ব্রেক্সিট রেফারেন্ডাম, রানি এলিজাবেথের ডায়মন্ড ও প্ল্যাটিনাম জুবিলি এবং রাজা তৃতীয় চার্লসের অভিষেকের অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম পরিচালনা করেন।
সূত্র : সিএনএন, গার্ডিয়ান