প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৫:২১ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৪:১৪ পিএম
দিল্লির পার্শ্ববর্তী যমুনা নদীর পানি ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির কাছে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিল্লির পুরনো রেলওয়ে ব্রিজ এলাকায় বুধবার স্থানীয় সময় ১১টার দিকে পানির উচ্চতা ছিল ২০৭ দশমিক ৫৭ মিটার, যা ১৯৭৮ সালের পর সর্বোচ্চ।
আজ বুধবার, ১২ জুলাই সন্ধ্যার দিকে দিল্লির পার্শ্ববর্তী যমুনার পানি আরও বাড়তে পারে। এমনটি হলে পুরনো দিল্লিতে বড় ধনের বন্যা দেখা দিতে পারে। দিল্লিতে ২০১৩ সালে সর্বশেষ বন্যা হয়েছিল। তখন যমুনার পানির উচ্চতা ছিল ২০৭ দশমিক ৩২ মিটার।
এনডিটিভি জানায়, পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্ভাব্য করণীয় ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে।
তবে মঙ্গলবার (১১ জুলাই) কেজরিওয়াল বলেছিলেন, পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।
ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের পূর্বাভাস, দিল্লির পার্শ্ববর্তী যমুনার পানি বুধবার বিকালে বেড়ে ২০৭ দশমিক ৫৭ মিটার হতে পারে। এমনটি হলে পুরনো দিল্লিতে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। এ জন্য ইতোমধ্যে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লি পুলিশ বন্যার শঙ্কা রয়েছে এমন সব স্থানে জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। ঝুঁকিপূর্ণ স্থান থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া হয়েছে।
দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলের কিছু প্রদেশে চার দিন ধরে টারা বৃষ্টি হচ্ছে। এসব বৃষ্টি থেকে কোনো কোনো অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।
হিমাচল, উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে কয়েক দিনের বন্যা ও ভূমিধসে বুধবার পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছে। সর্বোচ্চ ৩১ জন নিহত হয়েছে হিমাচল প্রদেশে।
সূত্র: এনডিটিভি