প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৩:৪৭ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৪:১২ পিএম
সু চির মুক্তির দাবিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভ করেন মিয়ানমারের প্রবাসী নাগরিকরা। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি। ছবি : সংগৃহীত
মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী দন প্রমুদ্বীনই। বুধবার (১২ জুলাই) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশীয় জাতিপুঞ্জের সংস্থার (আসিয়ান) বৈঠকে তিনি এ কথা জানান।
প্রমুদ্বীনই জানান, মিয়ানমারের চলমান অচলাবস্থার অবসান কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করতেই তিনি সু চির সঙ্গে বৈঠক করেছেন। সু চি সুস্থ রয়েছেন।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চনা পাতারচোকে জানান, সু চির সঙ্গে প্রমুদ্বীনই রবিবার (৯ জুলাই) সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চিকে গোপন একটি কারাগারে আটক রাখা হয়েছে। বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত তার ৩৩ বছর কারাদণ্ড হয়েছে।
প্রমুদ্বীনইর আগে কোনো ব্যক্তিকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি সু চির আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে পারেননি।
মিয়ানমারের অচলাবস্থার অবসানের জন্য ২০২১ সালের এপ্রিলে পাঁচ দফা দেয় আসিয়ান। কিন্তু তা নিয়ে এখন পর্যন্ত বেশি অগ্রগতি হয়নি।
সূত্র : রয়টার্স