প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৩:০৬ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৩:৪৮ পিএম
কাবুলের রাস্তায় তালেবানের যোদ্ধারা। ছবি: সংগৃহীত
নতুন মাইক্রো ব্লগিং অ্যাপ থ্রেডসের চেয়ে টুইটারকেই বেশি পছন্দ করে তালেবান। তাদের মতে, টুইটারের বাকস্বাধীনতা সংক্রান্ত নীতি অনেক বেশি সর্বজনীন। সোমবার (১০ জুলাই) তালেবানের শীর্ষ নেতা আনাস হাক্কানী এমনটি জানিয়েছেন।
আনাস হাক্কানী বলেন, টুইটারের এমন দুটি বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো সামাজিক যোগাযোগ বা মাইক্রো ব্লগিং অ্যাপের নেই। দুটি বৈশিষ্ট্যের একটি হল, টুইটার বাকস্বাধীনতাকে অনেক বেশি গুরুত্ব দেয়। দ্বিতীয়ত, সাধারণ মানুষের সঙ্গে তাদের ব্যবহার অনেক বেশি বিশ্বাসযোগ্য।
অন্যদিকে সদ্য যাত্রা করা থ্রেডসের নীতি অনেক বেশি অসহনশীল। এসব কারণে অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের টুইটারকে টেক্কা দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
২০২১ সালের আগস্টে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণকারী তালেবান সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত তৎপর। বিশ্বের অন্য দেশের রাজনৈতিক নেতাদের মতো তালেবানের নেতারাও ব্যাপক হারে টুইটার ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন।
দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই নারীদের বিষয়ে কঠোর মনোভাব দেখাতে শুরু করে তালেবান। অষ্টম শ্রেণির পর নারী শিক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। নারীদের সরকারের প্রায় সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নারীদের চলাচলে আরোপ করা হয়েছে কঠোর বিধি-নিষেধ। এনজিওতে নারীদের কাজের স্বাধীনতা সংকুচিত করা হয়েছে। সম্প্রতি নারীদের পার্লারও বন্ধ করে দেওয়া হয়েছে।
এসব কিছুর বাহিরে ভিন্ন মতের বিষয়ে অত্যন্ত অসহিষ্ণু মনোভাব পোষণ করে তালেবান।
সূত্র: আরটি