প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৩:১২ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৩:২০ পিএম
নিহত শিশু সাইরা রোজ থোমিং। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে মায়ের গাড়িচাপায় ১৩ মাসের এক মেয়েশিশু নিহত হয়েছে। দেশটির অ্যারিজোনা রাজ্যের ইয়াভাপাই কাউন্টিতে বৃহস্পতিবার (৬ জুলাই) এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ইয়াভাপাই কাউন্টি শেরিফের অফিস জানায়, বৃহস্পতিবার এক নারী তাদের ফোন করে জানান, নিজের গাড়িতে চাপা পড়ে তার ১৩ মাসের এক মেয়েশিশু প্রাণ হারিয়েছে। পুলিশকে ফোনকারী নারীর নাম জাফরিয়া থর্নবার্গ। নিহত শিশুর নাম সাইরা রোজ থোমিং।
জানা যায়, জাফরিয়া বৃহস্পতিবার বাসার পাশের একটি গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করছিলেন। এ সময় তার ১৩ মাসের শিশুকে গাড়ির ভেতরে রাখেন। গ্যারেজে অনেক গাড়ি থাকায় খুব সাবধানে গাড়িটা বের করতে হচ্ছিল। ব্যাক গিয়ারে গাড়িটা বের করার সময় সামনের চাকা একটা গর্তে পড়ে যায়। বড় ঝাঁকুনি লেগে দরজা ফাঁক হয়ে যায়। শিশুটি সিট থেকে নিচে পড়ে যায়। কিন্তু তা মায়ের চোখ এড়িয়ে যায়। এতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
গুরুতর অহত অবস্থায় থোমিংকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা তাকে বাঁচাতে সাধ্যমতো চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে চলে যায় ১৩ মাসের থোমিং।
এনবিসি নিউজের বরাতে এনডিটিভি জানায়, স্থানীয় অপরাধ তদন্ত সংস্থা ঘটনাটি খতিয়ে দেখছে। এ ঘটনায় মাকে অভিযুক্ত করা হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
থোমিংয়ের এক চাচা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, সাইরা রোজ থোমিং আমাদের জন্য আলো হয়ে এসেছিল। ছোট্ট মেয়েটার হাসি এত মিষ্টি ছিল যে তা ভোলার মতো নয়। থোমিং জন্মেছিল ২০২২ সালের ১৬ মে। আমাদের ছেড়ে চলে গেল ৬ জুলাই।
সূত্র : এনডিটিভি