প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১০:০৪ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১১:৫৫ এএম
হিমাচলের সদর শহরে বন্যার দৃশ্য। ৯ জুলাই তোলা। ছবি : সংগৃহীত
ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রদেশে টানা বৃষ্টি থেকে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। গত তিন দিনে এসব অঞ্চলে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। বৃষ্টি ও বন্যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। দিল্লিতে আজ সোমবারও (১০ জুলাই) সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত কয়েক দিনের বৃষ্টিতে ভারতের হিমাচল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, রাজস্থান ও দিল্লির রাস্তাঘাট হাঁটুপানির নিচে তলিয়ে গেছে। এসব প্রদেশের পাশাপাশি পাশের কয়েকটি প্রদেশের কিছু অংশে আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এনডিটিভি জানায়, কয়েক দিনের বৃষ্টিতে হিমাচল প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। ফলে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু দোকান ও গাড়ি রাস্তায় ভেসে যেতে দেখা গেছে। এ প্রদেশের উল্লেখযোগ্য সব নদনদী তথা রাবি, বিয়াস, সাতলুজ, রাজহাঁস ও চেনাব প্লাবিত হচ্ছে। প্রদেশটির মানালি, কুল্লু, কিন্নর ও চাম্বা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তরাখণ্ডেও আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রদেশটির আশপাশের সব নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জম্মু-কাশ্মীরের কাঠুয়া ও সাম্বা জেলায় সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।
রাজধানী দিল্লির সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস সোমবারও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তা ছাড়া দক্ষিণ-পশ্চিম দিল্লির গুরগাঁওয়ের সব করপোরেট অফিসের কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন অংশে গত দু-এক দিনে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এসব প্রদেশের কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে।
সূত্র : এনডিটিভি