প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১২:০৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১২:১৯ পিএম
দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। ছবি : সংগৃহীত
ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) কারাবন্দি নেতা মনীশ সিসোদিয়া এবং দিল্লির মদনীতির অন্য অভিযুক্তদের ৫২ কোটি রুপিরও বেশি মূল্যের সম্পদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দ্বারা জব্দ করা হয়েছে।
জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে আমনদীপ সিং ধল, রাজেশ জোশি, গৌতম মালহোত্রা এবং আরও কয়েকজনের সম্পত্তি।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিসোদিয়া এবং তার স্ত্রী সীমার দুটি সম্পত্তি এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের ১১ লাখ টাকাও জব্দ করা হয়েছে।
সিসোদিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত দিল্লির ব্যবসায়ী দিনেশ অরোরাকে গ্রেপ্তার করার একদিন পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পদক্ষেপটি গ্রহণ করল।
এদিকে এএপি নেতা অতীশি বলেছেন, ‘কেন্দ্র সিসোদিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মিডিয়ার কাছে গল্প সাজিয়েছে। ইডি যে দুটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করেছে তার মধ্যে একটি ২০০৫ সালে মনীশ সিসোদিয়া কিনেছিলেন, অর্থাৎ ১৮ বছর আগে। অন্য ফ্ল্যাটটি ২০১৮ সালে কেনা হয়েছিল। ইডিও তাদের নথিতে একই কথাই বলেছে। এটি নতুন আবগারিনীতির চালুর বহু বছর আগে।’
দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়া এবং অন্যরা একটি নতুন মদ বিক্রয় নীতি আনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন।
লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা গত বছর এ বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
তারপর দিল্লি সরকার পুরোনো মদের নীতিতে ফিরে আসে এবং কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির জন্য লেফটেন্যান্ট গভর্নরকে দায়ী করে।
বিজেপি বলেছে, দিল্লি সরকার সিসোদিয়ার অধীনে থাকা আবগারি বিভাগের দুর্নীতি ঢাকতে পুরোনো মদ বিক্রয় নীতিতে ফিরে গেছে।
সূত্র : এনডিটিভি