প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১৫:১৫ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১৫:২২ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধার করেছিলেন দেশটির সিক্রেট সার্ভিস এজেন্টরা।
ওই ঘটনায় নিন্দা জানিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, ‘ওই কোকেন বর্তমান ক্ষমতাসীন জো বাইডেন ও তার ছেলে হান্টারের ব্যবহারের জন্য আনা হয়েছিল।’ ট্রাম্পের এ মন্তব্য দ্য হিলের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
তিনি বুধবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘কেউ কি সত্যিই বিশ্বাস করেন যে, হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে পাওয়া কোকেন হান্টার এবং জো বাইডেন ছাড়া অন্য কারও ব্যবহারের জন্য আনা হয়েছিল?’
তিনি আরও লিখেছেন, ‘কিন্তু দেখবেন, ভুয়া নিউজ মিডিয়াগুলো শিগগিরই বলতে শুরু করবে যে, ‘পরিমাণে খুব কম পাওয়া গেছে এবং এটি আসলে কোকেন নয়, বরং সাধারণ অ্যাসপিরিন ছিল। আর এভাবেই ঘটনাটি আড়াল হয়ে যাবে।’
হোয়াইট হাউসে যখন কোকেন পাওয়া গিয়েছিল, তখন জো বাইডেন উপস্থিত ছিলেন না। তিনি ক্যাম্প ডেভিডে ছুটি কাটাচ্ছিলেন।
বুধবার মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন, ‘ওয়েস্ট উয়িংয়ের দর্শনার্থীরা যে এলাকা ধরে আসেন, সেখানে কোকেন পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘তদন্ত চলছে এবং হোয়াইট হাউসের আস্থা আছে যে তারা এটি কীভাবে ঘটেছে তা খুঁজে বের করবে।’
জিন-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ওই ঘটনার গভীরে যাওয়া খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।’
সূত্র : এনডিটিভি