প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১২:২৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১২:৩১ পিএম
ঘটনাস্থলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের এক যুবকের হাতে ইসরায়েলি এক সেনাসদস্য নিহত হয়েছেন। পরে অভিযুক্ত সেই ফিলিস্তিনি যুবকও ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) পশ্চিমতীরের কেদুমিম বসতির কাছে এই ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, একটি গাড়িকে সন্দেহ হওয়ায় তারা সেটিকে থামানোর সিঙ্গনাল দেয়। তখন ওই গাড়ি থেকে তাদের সেনাদের দিকে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই এক সেনার মৃত্যু হয়।
এরপর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। কিন্তু অল্প সময়ের মধ্যে তাকে শনাক্ত করা হয়। একপর্যায়ে সেও ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়। নিহত ইসরায়েলি ব্যক্তি নাম আহমদ ইয়াসিন হিলাল গাইতান।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাসের দাবি হামলাকারী তাদের সদস্য। পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের দুই দিনব্যাপী অভিযান ও হামলার জবাবে বৃস্পতিবারের ওই হামলা চালানো হয়েছে।
সোমবার (৩ জুলাই) রাতের প্রথম প্রহরে জেনিনে হামলা ও তল্লাশি অভিযান শুরু করে ইসরায়েল। মঙ্গলবার বিকালে হামলা শেষ হয়। এতে তিন শিশুসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আরও ১২০ ফিলিস্তিনি। ৩ হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়। একই ঘটনায় এক ইসরায়েলি সেনাও নিহত হয়।
হামাস বলেছে, ‘শত্রুরা জানবে যে জেনিনের গণহত্যা আমাদের জনগণের প্রতিরোধের প্রতি জেদ বাড়িয়েছে।’
সূত্র : আলজাজিরা