প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৮:৪৬ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৮:৫৮ পিএম
ভারতের প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ার। ছবি : সংগৃহীত
ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ পদ থেকে শারদ পাওয়ারকে সরিয়ে দেওয়ার দাবি করেছে দলটির বিদ্রোহী অংশ।
শারদ পাওয়ার এনসিপির প্রতিষ্ঠাতা এবং দুই দশকেরও বেশি সময় ধরে দলটির নের্তৃত্ব দিয়ে আসছেন।
শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের নের্তৃত্বাধীন এনসিপির বিদ্রোহী অংশের সূত্র জানিয়েছে, তারা নির্বাচন কমিশনে তাদের চিঠিতেও বিষয়টি উল্লেখ করেছে। ওই চিঠিতে তারা দলীয় নাম ও নির্বাচনী প্রতীকও দাবি করেছে।
এই পরিস্থিতিতে শারদ পাওয়ার জানিয়েছেন, তিনি তার সঙ্গে থাকা বিধায়কের সংখ্যা এবং নির্বাচনী প্রতীক নিয়ে ভাবছেন না।
তিনি তার সমর্থকদের আশ্বাস দিয়ে বলেছেন, তারা এনসিপির নির্বাচনী প্রতীক থেকে বঞ্চিত হবেন না।
তিনি বলেন, ‘আজকের আলোচনার বিষয় হলো কার কতজন বিধায়ক আছে। আমি এটাকে গুরুত্ব দিই না। অতীতে আমার ৬৮ জন বিধায়ক ছিল। কিন্তু যখন আমি কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, তখন ৬২ জন আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমার বিধায়ক তখন ছিল মাত্র ছয়জন। আমরা নতুন মুখ নিয়ে জিতেছি।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি বলে যে তারা আমাদের প্রতীক নেবে, আমি তাকে বলি দলের প্রতীক আমাদের সঙ্গে থাকবে। এটি অন্য কোথাও যাবে না। কর্মীদের সঙ্গে দলের আদর্শ থাকলেই হবে। আমি বেশ কয়েকটি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছি।’
সূত্র : এনডিটিভি