প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৪:২৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৪:৩৪ পিএম
সাংহাই সহযোগিতা সংস্থার ভার্চুয়াল মিটিং-এ যোগ দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : ইরানিয়ান প্রেসিডেন্সি
বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এর
পূর্ণ সদস্যপদ পেল ইরান। দেশটি মঙ্গলবার (৪ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
সভাপতিত্বে এসসিও কাউন্সিল অফ হেডস অফ স্টেটস এর ২৩ তম শীর্ষ সম্মেলন শেষে সাংহাই সহযোগিতা
সংস্থার নবম পূর্ণ সদস্যপদ লাভ করেছে।
এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিয়েছিলেন।
এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত
ছিলেন। সদস্যভুক্ত দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, ভারত ও উজবেকিস্তানের
পাশাপাশি পর্যবেক্ষক দেশ হিসেবে এই সম্মেলনে উপস্থিত ছিল বেলারুশ ও মঙ্গোলিয়াও।
এসসিও মূলত একটি অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা সংস্থা। ২০০১ সালে
প্রতিষ্ঠিত এই সংস্থার সদরদপ্তরের অবস্থান চীনের রাজধানী বেইজিং-এ। এসসিও সদস্যভুক্ত
দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যিক, সামরিক ও যৌথ নিরাপত্তা ইস্যুগুলোতে পরস্পরকে সহায়তা
করে থাকে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত শীর্ষ সম্মেলনের শেষে জারি করা নয়া
দিল্লি ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘সদস্য দেশগুলো সাংহাই সহযোগিতা সংস্থায়
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে প্রবেশের ঐতিহাসিক গুরুত্বের
ওপর জোর দিয়েছে।’
সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মিত্র দেশ বেলারুশকেও পূর্ণ সদস্যপদ
দেওয়ার জন্য সাংহাই সহযোগিতা সংস্থার প্রতি আহ্বান জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি বলেন, ‘শীর্ষ সম্মেলনটি বেলারুশকে ব্লকের স্থায়ী সদস্য
হওয়ার পথও প্রশস্ত করবে।’
সূত্র : আনাদুলু এজেন্সি