প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১২:৪৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১২:৫২ পিএম
অজিত পাওয়ারের সঙ্গে প্রফুল্ল প্যাটেল। ছবি : সংগৃহীত
ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ার বিজেপি-শিবসেনা জোটের সঙ্গে হাত মেলাতে পারেন, তা আগে থেকেই জানতেন শারদ পাওয়ার-- এমনটাই দাবি করেছেন এনসিপির সাবেক নেতা প্রফুল্ল প্যাটেল।
প্রফুল্লকে সম্প্রতি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত করা হয়েছে।
প্রফুল্লের বলেছেন, ‘এনসিপির অনেক বিধায়ক এবং দলীয় কর্মীদের একাংশ যে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটে যোগ দিতে চাইছিলেন, তা নিয়ে কোনোরকম লুকোছাপা করা হয়নি। বরং পুরো বিষয়টি নিয়ে দলের ভেতরে একাধিকবার আলোচনা হয়েছে। যে বিষয়টি অজানা ছিল না খোদ সিনিয়র শারদ পাওয়ারেরও।’
সোমবার (৩ জুলাই) হিন্দুস্তান টাইমসের ন্যাশনাল পলিটিক্যাল এডিটর সুনেত্রা চৌধুরীকে একান্ত সাক্ষাৎকারে প্রফুল্ল বলেন, ‘রবিবার যা হয়েছে, সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা চলছিল। এ রকম জোটের পক্ষে সমর্থন প্রকাশ করে আসছিলেন দলের বিশালসংখ্যক কর্মী এবং বিধায়করা। এ বিষয়ে মিস্টার পাওয়ারও জানতেন। দলের উপযুক্ত জায়গায় বিষয়টি নিয়ে কথাও বলেছিলেন দলীয় কর্মীরা। তাই পুরো বিষয়ে যে সকলে চমকে গিয়েছেন, বিষয়টা এমন নয়। সত্যিটা হলো যে, দীর্ঘদিন ধরেই সেই বিষয়টি পুঞ্জীভূত হচ্ছিল এবং এটি পুরোপুরি দলগত সিদ্ধান্ত ছিল।’
যাই হোক, রবিবার চাচা শারদকে ঘোল খাইয়ে বিজেপি-শিবসেনা জোটে যোগ দিয়ে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অজিত।
পরে প্রফুল্লের পাশে বসে অজিত দাবি করেন, তাদের এই সিদ্ধান্তে এনসিপির অধিকাংশ বিধায়কের সমর্থন আছে। তারা এনসিপির প্রতীকেই লড়বেন। কয়েকজন বিধায়কের রাজ্যের মন্ত্রিসভাতেও ঠাঁই হয়েছে। তবে আপাতত প্রফুল্লকে কোনো ‘পুরস্কার’ দেওয়া হয়নি।
একাধিক বিশ্লেষকের মতে, আগামী বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখে চলতি মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় একাধিক রদবদল করবেন নরেন্দ্র মোদি। রদবদলের সময় প্রফুল্লকে ‘পুরস্কৃত’ করা হতে পারে।
ওই বিষয়ে হিন্দুস্তান টাইমসকে প্রফুল্ল বলেন, ‘এ রকম কোনো আলোচনা হয়নি। সে রকম কিছু হতে পারে, সেটা বিশ্বাস করার মতো কোনো কারণও নেই। এসব বিষয় নিয়ে আমার সঙ্গে অমিত ভাইয়ের (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ) ফোনে কথা হয়েছে। কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেবেন্দ্র ফড়ণবীস যথেষ্ট দক্ষ একজন ব্যক্তি। তবে হ্যাঁ, অমিত শাহের সঙ্গে চূড়ান্ত একবার আলোচনা হয়েছে।’
সূত্র : ইন্ডিয়া টুডে