প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১৪:৩৫ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩ ১৫:০৯ পিএম
প্যারিসে সহিংসতার চিত্র। ছবি : সংগৃহীত
কয়েক দিন ধরেই সহিংসতার আগুনে পুড়ছে প্যারিসসহ প্রায় পুরো ফ্রান্স।
এক ১৭ বছর বয়সি কিশোরকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার ঘটনায় ফের দাঙ্গা ছড়িয়েছে সে দেশে।
এ পরিস্থিতিতে এবার প্যারিসের উপকণ্ঠের এক ছোট্ট শহরের মেয়রের বাড়িতে হামলা চালিয়েছে দাঙ্গাবাজরা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দাঙ্গাবাজরা গাড়ি নিয়ে লহে-লে-রোজেস শহরের মেয়র ভিনসেন্ট জঁবার্নের বাড়ি গেটে ধাক্কা মারে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
ওই ঘটনায় আহত হয়েছেন মেয়রের স্ত্রী এবং সন্তান। জানা গেছে, হামলার সময় মেয়রের পরিবার বাড়িতে ঘুমাচ্ছিল।
এ ঘটনা প্রসঙ্গে ভিনসেন্ট টুইট করে লেখেন, ‘গত রাতে আতঙ্ক ও অপমানের একটি মাইলফলকে পৌঁছেছি আমরা।‘
ভিনসেন্ট টুইটে অভিযোগ করে বলেন, ‘যখন এ হামলা হয়, তখন আমার স্ত্রী ও সন্তানরা ঘুমাচ্ছিল। সে সময় তাদের হত্যা করার কাপুরুষোচিত প্রচেষ্টা করা হয়।’
এ হামলার পর স্থানীয় পুলিশ এসে পৌঁছায় মেয়রের বাড়িতে। তবে হামলাকারীদের ধরা যায়নি বলে জানা গেছে।
চলমান সহিংসতার জেরে এখন পর্যন্ত ৪৯২টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মাখোঁ প্রশাসন।
অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার বলেছেন, ‘১০টি শপিং মল, ২০০টির বেশি সুপার মার্কেট, ২৫০টি তামাকের দোকান এবং ২৫০টি ব্যাংক আউটলেটে হামলা ও লুটপাট হয়েছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দেশের বিভিন্ন জায়গায় নতুন করে ৪৫ হাজার পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করেছে ফরাসি সরকার।
এদিকে ইতোমধ্যে সে দেশে ৭১৯ জন দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে, দাঙ্গার জেরে জখম হয়েছেন প্রায় ৩০০ পুলিশকর্মী।
’নেহেল’ নামক কিশোরকে যে পুলিশ কর্মকর্তা গুলি করেছিলেন, তার ঠিকানা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এসবের মধ্যেই সে দেশের শপিং মল-দোকানে লুট চলছে। লিঁয়র বহুতল আবাসনেও আগুন দিয়েছে দাঙ্গাবাজরা। এ অবস্থায় দাঙ্গা রুখতে ’সব ধরনের পদক্ষেপ’ গ্রহণ করার পরিকল্পনা করছে মাখোঁ প্রশাসন।
এদিকে এ সহিংসতার জন্য টিকটক, স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
মাখোঁ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে ’সংবেদনশীল বিষয়বস্তু’ সরিয়ে দেওয়া হবে।
অন্যদিকে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সহিংসতা ছড়াতে উদ্বুদ্ধ করছে, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মাখোঁ।
সূত্র : এনডিটিভি