প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ১২:০০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩ ১২:১৫ পিএম
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
ফ্রান্সজুড়ে রবিবার (২ জুলাই) চতুর্থ রাতের মতো দাঙ্গা শুরু হওয়ার কারণে জার্মানি সফর স্থগিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
পুলিশ কর্তৃক এক কিশোরকে হত্যার পর দেশজুড়ে ফের দাঙ্গা শুরু হয় বলে জানা গেছে।
আলজেরিয়া ও মরক্কোর বংশোদ্ভূত ১৭ বছর বয়সি নাহেল এম এক পুলিশ অফিসারের গুলিতে নিহত হয়। প্যারিসের শহরতলির নান্তেরের একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, হালকা সাঁজোয়া যানসহ ৪৫ হাজার পুলিশ অফিসার মোতায়েন থাকা সত্ত্বেও শুক্রবার রাতে সহিংস সংঘর্ষ অব্যাহত ছিল।
শনিবার রাতেও একইসংখ্যক পুলিশ রাস্তায় থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
মন্ত্রণালয় টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছে, গত দুই দিনে ১ হাজার ৩১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শনিবারের সহিংসতার ‘তীব্রতা কম’ ছিল।
ফরাসি আইনমন্ত্রী এরিক ডুপন্ট-মোরেটি বলেছেন, আটকদের মধ্যে ৩০ শতাংশের বয়স ১৮ বছরের কম।
দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরে বলেছেন, মঙ্গলবার থেকে ৭০০টির বেশি দোকান সুপার মার্কেট, রেস্তোরাঁ এবং ব্যাংকের শাখাগুলোয় লুটপাট চালানো হয়েছে এবং কখনও কখনও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে দাঙ্গাকারীরা একটি বন্দুকের দোকান লুট করেছে এবং শিকারের রাইফেল চুরি করেছে।
শনিবার তিনজন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হওয়ার পর মার্সেইয়ের মেয়র বেনোইট পায়ান সরকারকে ‘লুণ্ঠন ও সহিংসতা’ মোকাবিলায় অতিরিক্ত সেনা পাঠানোর আহ্বান জানান।
প্যারিসের উপকণ্ঠে স্টেড ডি ফ্রান্সে দুটি কনসার্টসহ অন্য ইভেন্টগুলো বাতিল করা হয়েছে।
তবে ট্যুর ডি ফ্রান্সের আয়োজকরা বলেছেন, সোমবার স্পেন থেকে সাইকেল রেস ফ্রান্সে প্রবেশ করবে এবং তারা যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রস্তুত।
সূত্র : আলজাজিরা