প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৩ ১৩:৫৯ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৩ ১৪:০০ পিএম
কানাডার বন্দরে নিয়ে আসা হয়েছে টাইটানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
টাইটানিক দেখতে গিয়ে ১০ দিন আগে নিখোঁজ হওয়া ডুবোজাহাজ (সাবমেরিন) টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অংশের মধ্যে রয়েছে টাইটানের ল্যান্ডিং ক্র্যাফট ও পেছনের অংশ।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বলছে, ধ্বংসাবশেষের মধ্যে অভিযানে অংশ নেওয়াদের দেহাবশেষও থাকতে পারে। দেশটির চিকিৎসক দল বিষয়টি নিয়ে কাজ করছে, চুড়ান্ত পরীক্ষার পরই তারা জানাবেন এ ধ্বংসাবশেষে মানুষের কোনো অংশ আছে কিনা।
ধ্বংসাবশেষটি কানাডার সেন্ট জোনস বন্দরে নিয়ে আসা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রের ১২ হাজার ৫০০ ফুট নিচে টাইটানিকের ধ্বংসাবশেষের ১ হাজার ৬০০ মিটার দূরে উদ্ধার হওয়া টাইটানের অংশবিশেষটি পড়েছিল। প্রথমে একটি রোবটচালিত ডুবোযান টাইটানের খোঁজ পায়। পরে উদ্ধারকারী দল সেটি উদ্ধার করে।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের মেরিন বোর্ড অব ইনভেস্টিগেশন টাইটান দুর্ঘটনার প্রাথমিক তদন্তের কাজ করছে। তাদের কাজ শেষ হলে এ বিষয়ক সমস্ত তথ্য-উপাত্ত তারা বন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেবে।
সূত্র : এএফপি