প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৫:৫৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ১৬:১৬ পিএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ন্যাটোর মহাসচিবকে বলেছেন, নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সমর্থকদের বিক্ষোভ বন্ধ করতে হবে স্টকহোমকে।
এরদোয়ান রবিবার (২৫ জুন) ফোনকলে ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গকে বলেন, ‘তুরস্কের একটি গঠনমূলক মনোভাব রয়েছে। কিন্তু আঙ্কারার দাবি পূরণের জন্য সুইডেনের সন্ত্রাসবাদ আইনের পরিবর্তন মূলত অর্থহীন। কারণ পিকেকে সমর্থকরা এখনও সুইডেনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।’
তুরস্ক তাই নিরাপত্তা উদ্বেগ উল্লেখ করে পশ্চিমা সামরিক জোটে যোগদানের জন্য সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে।
তবে ন্যাটো ব্লকের সদস্যরা এবং ন্যাটোপ্রধান আশা প্রকাশ করছেন, জুলাইয়ের মাঝামাঝি ভিলনিয়াসে শীর্ষ সম্মেলনের সময় সুইডেন ন্যাটোর সদস্য হয়ে উঠতে পারে।
ফিনল্যান্ড গত এপ্রিলে সর্বসম্মতিক্রমে ন্যাটোর সদস্যপদ লাভ করেছে। কিন্তু সুইডেনের সদস্যপদ ঝুলিয়ে রেখেছে তুরস্ক।
গত সপ্তাহে এরদোয়ান বলেছিলেন, যদি সুইডেন তুরস্কবিরোধী বিক্ষোভ প্রতিরোধ না করে তবে ভিলনিয়াস শীর্ষ সম্মেলনে আঙ্কারার কাছ থেকে গ্রিন সিগন্যালের আশা করা উচিত নয়।
আঙ্কারা বলেছে, সুইডেন তার ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের আশ্রয় দেয়। তারা পিকেকে সদস্যদের আশ্রয় দিয়েছে, যেটিকে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
সুইডেন আঙ্কারাকে খুশি করতে সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়ন বা সমর্থনের বিরুদ্ধে একটি নতুন আইন পাস করেছে।
কিন্তু আঙ্কারা বলেছে, আঙ্কারার দাবি পূরণের ক্ষেত্রে ওই আইন যথেষ্ট নয়।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম গত বুধবার বলেছেন, ‘তুরস্কের সংসদের উচিত সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদন করা। কারণ আঙ্কারার সঙ্গে একটি চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা পূরণ করেছে স্টকহোম।
সুইডেন ও ফিনল্যান্ড উভয়েই গত বছর কয়েক দশকের সামরিক পরিকল্পনার পরিবর্তন করে এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে ন্যাটোয় যোগ দেওয়ার জন্য আবেদন করে।
এরদোয়ানের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনকলে এরদোয়ান ও স্টলটেনবার্গ রাশিয়া এবং সুইডেনের ন্যাটো সদস্যপদের বিষয় নিয়ে আলোচনা করেছেন।
সূত্র : আলজাজিরা