প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৩:২৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ১৪:৫৪ পিএম
হামলাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত
বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল ইদলিবে রবিবার রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।
ওই হামলায় কমপক্ষে ৩০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চলতি বছর এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। একটি যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ ওই হামলার খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, নিহতের মধ্যে দুই শিশুসহ অন্তত নয়জন বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের অধিকাংশই ইদলিব অঞ্চলের জিসর আল-শুঘুরের ফল ও সবজি বাজারে নিহত হন।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সিরিয়ায় চলতি বছর রাশিয়ার চালানো এটি সবচেয়ে ভয়াবহ হামলা এবং বড় ধরনের হত্যাকাণ্ড।’
ওই পর্যবেক্ষণ গ্রুপ আরও জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনব্যবস্থাকে সমর্থন করা রাশিয়ার বাহিনী গত সপ্তাহে বিদ্রোহীদের ড্রোন হামলার পাল্টা জবাব দেয়। এতে দুই শিশুসহ চার বেসামরিক নাগরিক নিহত হন।
ওই বাজারে চালানো হামলায় প্রাণে বেঁচে যাওয়া ৩৫ বছর বয়সি সাদ ফাতো নামের একজন শ্রমিক এএফপিকে বলেন, তিনি আহতদের উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করেন।
তিনি বলেন, ‘রাশিয়ার বাহিনী আমাদের ওপর গোলা বর্ষণ করে। হামলার পর হতাহতরা সেখানে যেভাবে পড়ে ছিল, তা অবর্ণনীয়।’
তার হাতে এখনও হতাহতদের রক্ত লেগে আছে বলে তিনি উল্লেখ করেন।
এএফপির এক সংবাদদাতা ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন।
হামলার পর আহতদের অ্যাম্বুলেন্সে বাজার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আবদেল রহমান বলেন, ‘রাশিয়ার বিমান হামলায় জিসর আল-শুঘুরে ছয় বেসামরিক নাগরিক এবং এর কাছেই তিন বিদ্রোহী নিহত হয়েছে।’
আবদেল রহমান আরও বলেন, ‘ইদলিব শহরের উপকণ্ঠে এক হামলায় দুই শিশুসহ আরও তিনজন বেসামরিক নাগরিক এবং একজন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাই এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।’
সূত্র : আরব নিউজ