প্রবা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৯ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪২ পিএম
ভারতের প্রতিরক্ষাপ্রধান অনিল চৌহান। ছবি : সংগৃহীত
ভারতের সেনা সর্বাধিনায়ক বা প্রতিরক্ষাপ্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান। বুধবার (২৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের উত্তরসূরি হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পরে পদটি শূন্য হওয়ার নয় মাসের বেশি সময় পরে এ নিয়োগ দেওয়া হয়।
লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (অব.) সাবেক পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার এবং সামরিক অভিযানের মহাপরিচালক। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ২০২১ সালের মে মাসে ইস্টার্ন কমান্ডের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি উত্তর-পূর্ব ভারত ও কাশ্মিরের উগ্রবাদ দমনে ‘বিশেষজ্ঞ’ হিসেবেও পরিচিত ছিলেন।
ভারতের সামরিক বিষয়ক সচিবের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল চৌহান সিডিএস পদে বহাল থাকবেন।
এর আগে আমৃত্যু জেনারেল বিপিন রাওয়াতই ছিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ। গত ৪ ডিসেম্বর তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। প্রায় ৯ মাস পরে তার উত্তরসূরি মনোনয়ন করল নরেন্দ্র মোদির সরকার। তবে অনিল চৌহানকে পদে বসানোর আগে সিডিএস নিয়োগের নিয়মে সংশোধন করা হয়েছে।
আগের নিয়মে চিফ অব ডিফেন্স স্টাফ নিয়োগ করা হতো শুধু কর্মরত লেফটেন্যান্ট জেনারেলদের মধ্য থেকে। তবে নতুন নিয়মে কর্মরত বা সদ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও সিডিএস পদের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তবে তাদের বয়সের সীমা হতে হবে ৬২ বছরের মধ্যে। ওই বিধি মেনেই দেশটির সর্বাধিনায়ক নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত জেনারেল অনিল চৌহান।
প্রবা/এনএস/এইচকে/জেআই