প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ০০:২৩ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩ ০০:২৭ এএম
ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন তার যোদ্ধাদের ‘নিরাপত্তা নিশ্চয়তার’ বিনিময়ে বিদ্রোহ থেকে সরে আসতে সম্মত হয়েছেন। সংগৃহীত ফটো
ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন তার যোদ্ধাদের ‘নিরাপত্তা নিশ্চয়তার’ শর্তে বিদ্রোহ থেকে সরে আসতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
স্থানীয় সময় গতকাল শনিবার লুকাশেঙ্কো ওয়াগনার বাহিনীর প্রধানের সঙ্গে একটি চুক্তির পর এ ঘোষণা এলো।
বেলারুশের প্রেসিডেন্টের অফিস থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ইয়েভজেনি প্রিগোজিন রাশিয়ায় সশস্ত্র ওয়াগনার যোদ্ধাদের চলাচল বন্ধ করতে এবং উত্তেজনা কমাতে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রস্তাব গ্রহণ করেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, উত্তেজনা কমাতে লুকাশেঙ্কো এবং প্রিগোজিন ‘পুরো দিন’ আলোচনা করেছেন এবং ‘রাশিয়ার ভূখণ্ডে রক্তপাতের অগ্রহণযোগ্যতার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন’।
এদিকে বিদ্রোহ শেষ করার খবরটি এমন সময় এলো যখন ওয়াগনার বাহিনী মস্কোর খুব কাছাকাছি চলে এসেছিল। সবশেষ ওয়াগনার বাহিনীর সদস্যরা দক্ষিণ শহর রোস্তভ-অন-ডনের মধ্য দিয়ে মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল। গত শুক্রবার থেকে প্রকাশিত একাধিক ভিডিও বিবৃতিতে প্রিগোজিন ঘোষণা করেছেন যে, রাশিয়ার সামরিক কর্মকর্তাদের মোকাবিলা করার জন্য তিনি মস্কোর দিকে অগ্রসর হচ্ছেন।
সূত্র : আরটি