মোদির যুক্তরাষ্ট্র সফর
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৮:৪১ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩ ১৮:৫০ পিএম
হোয়াইট হাউসে নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার
(২২ জুন) তার সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দুই
দেশের বড় বড় ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা, প্রভাবশালী কোম্পানির প্রধান নির্বাহী
কর্মকর্তারা। কিন্তু ছিলেন না একজন, তিনি মোদির ঘনিষ্ঠ ভারতীয় ধনকুবের গৌতম আদানি।
ভারতীয় পত্রিকা আনন্দবাজার আদানির এই নৈশভোজে না থাকাকে ব্যতিক্রম ঘটনা হিসেবে উল্লেখ করেছে। কারণ শিল্পপতি আদানি যে মোদির ঘনিষ্ঠ—এ কথা কারোই অজানা নয়। সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে শিল্পগোষ্ঠী আদানির প্রতি অভিযোগ আনা হয়, তারা কারচুপি করে কোম্পানির শেয়ারের দর বাড়িয়েছে। যার জেরে ধাক্কা খায় শিল্পগোষ্ঠীটি, ভাবমূর্তি ও শেয়ারদর দুদিকেই ধস নামে তাদের। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে, হিন্ডেনবার্গের এই প্রতিবেদনের কারণেই যুক্তরাষ্ট্রে মোদির আমন্ত্রণ তালিকা থেকে বাদ পড়ে থাকতে পারেন আদানি।

তবে আদানি উপস্থিত না থাকলেও এ নৈশভোজে ছিলেন ভারতীয় ধনকুবের ব্যবসায়ী
মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রা থেকে শুরু করে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা
সুন্দর পিচাই, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকসহ অনেকে।
তবে মুকেশ আম্বানি একা আসেননি। তার সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন সহধর্মিণী নীতা আম্বানি। গুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের
সঙ্গে এসেছিলেন তার সহধর্মিণী অঞ্জলি পিচাই। টিম কুকের আগমনও হয়েছিল সস্ত্রীক।