প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৭:২০ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩ ১৭:২৮ পিএম
ইরানে ইসলামি বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করা হয়। ছবি : সংগৃহীত
ইরানে বিষাক্ত মদ পান করে ১৫ জন মারা গেছেন। দেশটিতে বিষাক্ত মদপানজনিত মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, বুধবার (২১ জুন) আলবোর্জ প্রদেশে বিষাক্ত মদপানের এ ঘটনা ঘটে।
আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফজেলি হারিকান্দি ইরনাকে বলেন, ‘ওই বিষক্রিয়ার ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু ও ১৮০ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে, তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। আবার কয়েকজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের ডায়ালাইসিস করাতে হচ্ছে।’
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করা হয়।
আর তখন থেকেই দেশটিতে চোরাচালান এবং অনিয়ন্ত্রিত অ্যালকোহল কালোবাজারে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে সস্তা বিকল্প হিসেবে প্রায়শই পানীয়তে মিথানল মেশানো হয়।
হারিকান্দি বলেন, ‘আলবোর্জ প্রদেশ কর্তৃপক্ষ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে।’
এ ছাড়াও একটি কসমেটিক কারখানা থেকে ৬ হাজার লিটারেরও বেশি অ্যালকোহল জব্দ করা হয়েছে।
এদিকে ইরানের ফরেনসিক সংস্থা জানিয়েছে, এ বছরের মার্চ মাস পর্যন্ত বিষাক্ত অ্যালকোহল পান করে ৬৪৪ জন মারা গেছে, যা বিগত ১২ মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি।
২০২২ সালের মে মাসে ইরানের দক্ষিণের বন্দর নগরী আব্বাসে বিষাক্ত মদ পান করে আটজন মারা যায়।
সূত্র : ডেইলি মেইল