× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মণিপুরে সহিংসতা থামাতে সর্বদলীয় বৈঠকের ডাক অমিত শাহের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৪:০৬ পিএম

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত

ভারতের মণিপুরে গত মে মাসে শুরু হওয়া সহিংসতার রেশ এখনও কাটেনি। এখনও সেখানে ধারাবাহিকভাবে পুড়ছে বাড়িঘর, মরছে সাধারণ মানুষ। জাতিগত সহিংসতা যেন গৃহযুদ্ধের আকার ধারণ করেছে ওই রাজ্যে। 

ইতিমধ্যেই মণিপুরে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। অস্ত্রধারী কুকি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে জায়গায় জায়গায়। 

এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠকে বসবেন অমিত শাহ। সেদিন সাউথ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসেই স্থানীয় সময় ৩ টায় বৈঠকটি হবে। মণিপুরে কীভাবে শান্তি ফেরানো যায়, তা নিয়েই ওই বৈঠকে আলোচনা করা হবে।

যদিও ওই বৈঠক নিয়ে কংগ্রেস বলছে, ‘বড্ড দেরি হয়ে গেছে।’ 

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল দাবি করেন, সোনিয়া গান্ধী মণিপুর নিয়ে সরব হওয়ার পরই ঘুম ভেঙেছে কেন্দ্রীয় সরকারের। এর আগে বিরোধীরা কেন্দ্রকে মণিপুর নিয়ে চিঠি দিয়েছিলেন। 

এদিকে মণিপুরেরও ৯ জন বিধায়ক মোদিকে চিঠি লিখে রাজ্যটির মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা ব্যক্ত করেছেন। তাই অবশেষে বৈঠক ডাকছেন শাহ।

গত ৩ মে থেকে জাতিগত সহিংসতার সাক্ষী হচ্ছে মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনও পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলার অধিকাংশ মানুষকে সরানো হয়েছে। 

এরই মধ্যে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। অভিযোগ উঠেছে কুকি জঙ্গিরা অটোমেটিক রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে সেই রাজ্যে।

ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মৈতৈ জনজাতি। তবে তারা সম্প্রতি দাবি তুলেছে যে তাদের তফসিলি উপজাতির মর্যাদা দিতে হবে। তাদের এই দাবির বিরোধ জানিয়েছে স্থানীয় আদিবাসীরা। 

এই অবস্থার মধ্যে গত এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন একটি মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিল ঘিরেই সহিংসতা ছড়িয়ে পড়ে চূড়াচাঁদপুর জেলায়। 

এদিকে তফশিলি উপজাতির ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং সার্ভে নিয়েও উত্তাপ ছড়িয়েছে রাজ্যটিতে। এই আবহে গত এপ্রিল মাসে এই চূড়াচাঁদপুর জেলাতেই মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সভাস্থলে আগুন দিয়েছিল ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরামের সদস্যরা। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা