প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৬:২০ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ২০:৫১ পিএম
দোতলা ভবনটি পুরোনো ও জরাজীর্ণ বলে জানা গেছে। ছবি : সংগৃহীত
রথযাত্রার সময় ভারতের গুজরাটের আহমেদাবাদের দরিয়াপুরের একটি বাড়ির বারান্দা ধসে পড়ে একজন নিহত হয়েছেন।
ওই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। পুলিশ জানিয়েছে, একটি জরাজীর্ণ পুরোনো দোতলা বাড়ির বারান্দা ধসে পড়ে ওই মৃত্যুর ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩৬ বছর বয়সি মেহুল পাঞ্চাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তবে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
মঙ্গলবার (২০ জুন) থেকে ভারতজুড়েই রথযাত্রা পালন করা হচ্ছে। গুজরাটেও অত্যন্ত ধুমধাম করে রথযাত্রা শুরু হয়। রথযাত্রার সাক্ষী হতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের ঢল নামে। ব্যতিক্রম হয়নি আহমেদাবাদের দরিয়াপুরেও।
১৪৬ বছরের পুরোনো রথযাত্রার সাক্ষী থাকার জন্য রাস্তার দুই পাশে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন। বাড়ির বারান্দা, জানালায় অপেক্ষা করছিলেন অনেক মানুষ।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রথযাত্রার সময় দরিয়াপুরের ওই দোতলা একটি বাড়ির বারান্দা ধসে পড়ে। এ সময় বারান্দায় কয়েকজন দাঁড়িয়েছিলেন।
দরিয়াপুর থানার ইন্সপেক্টর জেএস চৌধুরী জানিয়েছেন, বারান্দা থেকে কয়েকজন রথের শোভাযাত্রা দেখছিলেন। নিচেও কয়েকজন দাঁড়িয়েছিলেন। সেই সময় ওই বারান্দা ধসে পড়ে।
সূত্র : এনডিটিভি