প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১২:৪৭ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ১২:৫৮ পিএম
পাশের দেশ চাদের ওউদ্দাই অঞ্চলের মাদজিগিল্টা সাইটে জাতিসংঘের ত্রাণ গ্রহণের জন্য জড়ো হওয়া শত শত সুদানি শরণার্থী। ছবি : সংগৃহীত
সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ লোক।
এ তথ্য মঙ্গলবার (২০ জুন) জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।
নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা সুদান থেকে ৫ লাখ লোকের পালিয়ে আসা চিহ্নিত করেছি।’
২০ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গ্রান্ডি বলেন, ‘আমরা এ সংঘাত বন্ধ করতে না পারলে শরণার্থীর ঢল বাড়তেই থাকবে।’
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ফিলিপ্পো গ্রান্ডি এসব কথা বলেন।
এদিকে দুই মাসের বেশি সময় ধরে সংঘাত চলাতে জাতিসংঘ আশঙ্কা করছে এ সংঘাত ছড়িয়ে পড়তে এবং প্রতিবেশী আফ্রিকান দেশগুলোকে অস্থিতিশীল করে তুলতে পারে।
উল্লেখ্য, সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে।
হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।
সূত্র : ব্যারন্স