× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নেহেরু মিউজিয়ামের নাম বদল মোদির হীন মানসিকতার প্রকাশ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২২:১৩ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ২২:১৪ পিএম

নেহেরু মিউজিয়ামের নতুন নাম রাখা হয়েছে প্রাইম মিনিস্টারস মিউজিয়াম। ছবি: সংগৃহীত

নেহেরু মিউজিয়ামের নতুন নাম রাখা হয়েছে প্রাইম মিনিস্টারস মিউজিয়াম। ছবি: সংগৃহীত

নয়াদিল্লির অভিজাত সংগ্রহশালা দ্য নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম পরিবর্তন করেছে নরেন্দ্র মোদি সরকার। নতুন নাম করা হয়েছে প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড সোসাইটি। বৃহস্পতিবার (১৫ জুন) নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির (সংক্ষেপে নেহেরু মিউজিয়াম) পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

নেহেরু মিউজিয়ামের নাম পরিবর্তনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হীনতা প্রকাশ পেয়েছে। এটা মোদির খ্যাতি নিয়ে নিরাপত্তাহীনতা ও ক্ষুদ্র মানসিকতার প্রকাশ বলে মন্তব্য করেছে কংগ্রেস। 

ভারতের গণমাধ্যম স্ক্রলডটইনের এক প্রতিবেদনে বলা হয়, নেহেরু মিউজিয়ামের নাম বদলের সিদ্ধান্ত অত্যন্ত পরিকল্পিত। ধাপে ধাপে এটা করা হয়েছে। 

২০১৬ সালে মোদি মিউজিয়ামটি সংস্কার করার ও তাতে সব প্রধানমন্ত্রীর বিভিন্ন ধরনের স্মৃতিমূলক জিনিসপত্র রাখার প্রস্তাব করেন। তখনই কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তাবটির বিরোধীতা করা হয়।  

এ রকম সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তখনই মোদিকে একটি চিঠি লিখেন। চিঠিতে সিং বলেন, আপনার প্রস্তাবে বিশেষ ধরনের এজেন্ডা রয়েছে। এ ধরনের এজেন্ডা নেহেরু মিউজিয়ামের বৈশিষ্ট্য ও চরিত্রকে নষ্ট করবে।  

কিন্তু তা সত্ত্বেও বিজেপির এজেন্ডা এগিয়ে চলে। ২০২২ সালের শুরুর দিকে নেহেরু মিউজিয়ামের নাম প্রাইম মিনিস্টারস মিউজিয়াম রাখার ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার তা কাগজে-কলমে বদলানো হলো।

২০১৯ সালে মিউজিয়ামটির পরিচালনা পর্ষদ থেকে কংগ্রেসের সব নেতাদের বাদ দেওয়া হয়। ফলে কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ এবং করণ সিং নেহেরু মিউজিয়ামের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়ে। 

মোদিকে নতুন পরিচালনা পর্ষদ বা সোসাইটির চেয়ারম্যান করা হয়। কংগ্রেসের নেতাদের জায়গায় ঢোকানো হয় বিজেপির নেতাদের। বিজেপির এসব নেতাদের মধ্যে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নির্মলা সীতারমন, রমেশ পোখরিয়াল, প্রকাশ জাভড়েকর, ভি মুরালীধরন এবং প্রহ্লাদ সিং প্যাটেল অন্যতম। এর মধ্যে রাজনাথ সিংকে করা হয় ভাইস-প্রেসিডেন্ট। 

বৃহস্পতিবারের বৈঠকে সভাপতিত্ব করেন রাজনাথ সিং। নাম পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। 

কংগ্রেসের নেতা জয়রাম রমেশ নেহেরু মিউজিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধানের প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় লেখেন, নেহেরু ভারতের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা। মোদির এসব অসৌজন্যতা নেহেরুর অবদানকে বিকৃত, অসম্মান বা ধ্বংস করতে পারবে না। নিজের নিরাপত্তাহীনতার কারণেই মোদি এসব নিচু কাজ করছেন। 

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৬৪ সালের ২৭ মে মাসে মারা যান। মৃত্যুর কয়েক মাসের মাথায় তার নয়াদিল্লির বাসস্থানকে মিউজিয়াম করার সিদ্ধান্ত হয়। একই বছরের ১৪ নভেম্বর নেহেরুর ৭৫তম জন্ম বার্ষিকীতে মিউজিয়ামটির উদ্বোধন করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণন। 

সূত্র: স্ক্রলডটইন



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা